ছুটির দিনেই নবান্নে সিবিআই! সোমবার রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত
চিটফান্ড মামলায় অভিযুক্ত রাজ্যে এডিজি সিআইডি রাজীব কুমারকে 'বাড়তি' সময় দিতে রাজি নয় সিবিআই। সূত্রের খবর এমনটাই। শনিবার সিবিআই অফিসে হাজিরা এড়িয়ে গিয়েছিলেনতিনি।
চিটফান্ড মামলায় অভিযুক্ত রাজ্যে এডিজি সিআইডি রাজীব কুমারকে 'বাড়তি' সময় দিতে রাজি নয় সিবিআই। সূত্রের খবর এমনটাই। শনিবার সিবিআই অফিসে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। মেল করে একমাস সময় চেয়েছিলেন তিনি। ছুটিতে থাকার কথা জানিয়েছিলেন। যদিও তা মানতে রাজি নয় সিবিআই। এদিন বিকেলে নবান্নে পৌঁছেয় যায় সিবিআই-এর একটি দল। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ চারজনের উদ্দেশে চিঠি তুলে দেন তাঁরা।

ছুটির দিনে নবান্নে সিবিআই-এর ২ আধিকারিক
রবিবার বিকেলে নবান্নে পৌঁছে যান সিবিআই-এর দুই আধিকারিক। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ ৩ টি চিঠি দেওয়ার জন্য তারা নবান্নে বলে জানিয়েছিলেন ওই আধিকারিকরা। ছুটির দিন চিঠি গ্রহণ করা সম্ভব নয় বলে প্রথমে জানানো হয়। তাঁদের অপেক্ষা করতে বলা হয়। পরে তাদের ভিতরে নিয়ে যাওয়া হয়। তবে চিঠির বিষয় বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি।

অসন্তুষ্ট সিবিআই আধিকারিকরা
শনিবার সকাল দশটায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য রাজীব কুমারকে নোটিশ দিয়েছিল সিবিআই। কিন্তু রাজীব কুমার হাজিরা না দেওয়ায় সিবিআই আধিকারিকরা অসন্তুষ্ট
বলেই জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, রাজীব কুমারের পক্ষ থেকে সিবিআই-এর সঙ্গে যোগাযোগ করা না হলে, তাঁকে নতুন করে আর নোটিশ দেওয়া হবে না।

কড়া আইনি পদক্ষেপের ইঙ্গিত
সিবিআই-এর পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, সোমবার নাগাদ রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রস্তুতি নিচ্ছেন রাজীব কুমারও
রাজীব কুমারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বসে নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। তিনিও আইনি প্রস্তুতি নিচ্ছেন। এমন কী তিনি কলকাতাতেই আছেন বলেও মনে করছেন সিবিআই আধিকারিকরা।
শুক্রবার কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলতেই রাজীব কুমারের পার্কস্ট্রিটের সরকারি বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারের বাড়িতে গেলেও রাজীব কুমারকে পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী, রাজীব কুমারের স্ত্রীর হাতেই নোটিস ধরানো হয়।












Click it and Unblock the Notifications