ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ! প্রস্তাব বিজেপি সরকারের
ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়! ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাবে অবশেষে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাড়া দিয়েছেন বলে জানালেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। কয়েকদিন আগেই বিজেপির মানিক সাহা সরকারের পক্ষ থেকে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হয়েছিল।
মঙ্গলবার বিকেলে বিজেপির মানিক সাহা সরকারের পর্যটনমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, ব্র্যান্ড অ্যম্বাসাডার হওয়ার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা সত্যি হলে এতদিন পর তিনি সরাসরি কোনো বিজেপি সরকারের প্রস্তাব মেনে নিলেন। এর আগে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে নানা জল্পনা চলেছিল।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরা রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে একপ্রকার চমকে দিল বিজেপি। ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো জনপ্রিয় ব্যক্তিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল।
তিনি বলেন, বহুল প্রচার ও সঠিক ব্রান্ডিংয়ে জন্য আমাদের একজন জনপ্রিয় ব্রান্ড অ্যাম্বাসাডর প্রয়োজন ছিল, যাঁকে সারা বিশ্ব চেনে। ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যয়াের থেকে জনপ্রিয় আর কে হতে পারেন?

মঙ্গলবার বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হই। ত্রিপুরার পর্যটনের বিকাশে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। আমি আশাবাদী দাদা আমাদের আবেদনে সাড়া দেবেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, "এটি অত্যন্ত গর্বের বিষয় যে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। এদিন তাঁর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে, তাঁর অংশগ্রহণ নিশ্চিতভাবে রাজ্যের পর্যটনকে অন্য মাত্রা দেবে।"

নিজের রাজ্যে যখন ব্রাত্য সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ঋদ্ধিমান সাহা, তখন বাংলার ক্রিকেটারদের সম্মান দিয়েছে ত্রিপুরা। ঋদ্ধিমান সাহা বর্তমানে ত্রিপুরা রাজ্যেরই প্রতিনিধিত্ব করেন। এখন আবার বাংলারর মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে বড়োসড়ো চমক দিল বিজেপি সরকার।
আপাতত তাঁকে ত্রিপুরা পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসডর করার চিন্তাভাবনা হলেও পরবর্তী সময়ে যে তাঁকে ক্রীড়াজগৎ বা ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হতে পারে, সেই সম্ভাবনার বার্তাও দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডন থেকে ফিরলেই চুক্তি হতে পারে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications