Budget 2025: রাষ্ট্রপতির ভাষণ “বোরিং”! কটাক্ষ রাহুলের, ছেলের সঙ্গে সুর মেলালেন সনিয়াও; পাল্টা বিজেপি
Budget 2025: বাজেট অধিবেশনের শুরুতেই বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধী (Rahul Gandhi)। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) ভাষণ বিরক্তিকর বলে কটাক্ষ রাহুলের। সনিয়া বললেন, "রাষ্ট্রপতি শেষে ক্লান্ত হয়ে পড়ছিলেন, উনি কার্যত কথাই বলতে পারছিলেন না। বেচারা।" আর এরপরেই তুঙ্গে মাথাচাড়া দিয়েছে বিতর্ক।
সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে এদিন ঘণ্টাখানেক ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই প্রসঙ্গেই এদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী সবই মিথ্যে প্রতিশ্রুতি বলে তোপ দাগেন। পাশেই দাঁড়িয়ে থাকা সনিয়া-পুত্র রাহুল বলেন, গোটা ভাষণটাই বিরক্তিকর।

ছেলের সঙ্গে সুর মিলিয়েই সনিয়া ফের বলেন, "শেষের দিকে রাষ্ট্রপতি ক্লান্ত হয়ে পড়েছিলেন। কথাই বলতে পারছিলেন না বেচারা।" ঘাড় নেড়ে মায়ের বক্তব্যে সমর্থন জানান রাহুল। রাষ্ট্রপতি একই জিনিসের পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছেন বলে দাবি করেন সনিয়া।
এদিন ঘণ্টাখানেকের দীর্ঘ বক্তৃতায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন রাষ্ট্রপতি। এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে কাজের গতি তিনগুণ হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। ওয়াকফ আইন ও এক দেশ এক ভোটের সিদ্ধান্তর প্রশংসাও করেন রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতিকে নিশানা করতে ছাড়েননি বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবও। রাষ্ট্রপতিকে রাবার স্ট্যাম্প বলে কটাক্ষ করেন তিনি। বলেন, "ওঁনাকে শুধুই প্রেমপত্র পড়তে হয়।"
রাষ্ট্রপতিকে কংগ্রেস সাংসদদ্বয়ের এই কটাক্ষের পর পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে কংগ্রেস অপমান করেছে বলে তোপ দাগে বিজেপি। দলের সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া এদিন বলেন, সনিয়া-রাহুলের ওই মন্তব্যই কংগ্রেসের নীচু মানসিকতা ও নোংরা রাজনীতির পরিচয় দেয়।
এক্স হ্যান্ডেলে তিনি জানান, "গান্ধী পরিবারের বাইরে কেউ সাংবিধানিক পদে থাকলে তা কংগ্রেস সহ্য করতে পারেনা। এই অপমান প্রত্যেক ভারতবাসীর। প্রত্যেক আদিবাসী ও প্রত্যেক মহিলার অপমান।"
সনিয়া ও রাহুলকে এক্স হ্যান্ডেলে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তিনি লেখেন, "সনিয়া গান্ধীর মন্তব্যের তীব্র বিরোধিতা জানাচ্ছি আমি ও দলের প্রত্যেক কার্যকর্তা। ইচ্ছাকৃত ওই শব্দের ব্যবহার করে নিজেদের গরিব বিরোধী ও আদিবাসী বিরোধিতার পরিচয় দিয়েছে কংগ্রেস।" রাষ্ট্রপতি-সহ গোটা আদিবাসী সমাজের কাছে কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি জেপি নাড্ডার।












Click it and Unblock the Notifications