রাহুলকে পুনঃপ্রতিষ্ঠা করতেই কি সোনিয়া গড়লেন নয়া কমিটি! জল্পনা তুঙ্গে কংগ্রেসের অন্দরে
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের নিয়ম-নীতি ঠিক করার জন্য নীতি নির্ধারক কমিটি গড়লেন মনমোহন সিংয়ের নেতৃত্বে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের নিয়ম-নীতি ঠিক করার জন্য নীতি নির্ধারক কমিটি গড়লেন মনমোহন সিংয়ের নেতৃত্বে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে ১১ জনের এই কমিটি গঠনে করে রাহুল গান্ধীকে পুনঃপ্রতিষ্ঠা দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। এই কমিটিতে প্রবীণদের ব্রাত্য করাতেই জল্পনার পারদ চড়েছে।

রাহুল গান্ধীকে পুনঃপ্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা
রাজনৈতিক মহলের একটা বিরাট অংশ মনে করছে, সোনিয়া গান্ধী নীতি নির্ধারণ কমিটি গড়ে রাহুল গান্ধীকে পুনঃপ্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করলেন। এতদিন যে সমস্ত প্রবীণ নেতা দলের হাল ধরেছিলেন, তাঁদের কাউকে রাখলেন না নীতি নির্ধারক কমিটিতে। ব্রাত্য রয়ে গেলেন এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, গুলাম নবি আজাদ-সহ অনেকেই।

কমিটির সদস্যরাই দলের নীতি নির্ধারণ করবেন
এই কমিটি গড়ে সোনিয়া গান্ধী স্থির করে দিলেন কারা দলের মুখপাত্র রূপে পরবর্তী সময়ে আসবেন। মূলত এই কমিটির সদস্যরাই দলের নীতি নির্ধারণ করবেন। এখন দেখার এই নয়া কমিটির পরে দলের মধ্যে কোনও বিদ্রোহের আঁচ তৈরি হয় কি না। কিংবা সোনিয়া গান্ধী কীভাবে তা সামাল দেন তাও দেখার।

কমিটির মাথায় বসানো হয়েছে মনমোহন সিংকে
সোনিয়া গান্ধী জানান, বিশ্ব তথা দেশে আলোড়ন তুলে দেওয়া ঘটনাপঞ্জি নিয়ে দলের নীতি কী হবে, তা ঠিক করতেই এই কমিটি। এই কমিটির মাথায় বসানো হয়েছে মনমোহন সিংকে। প্রবীণদের ব্রাত্য করে অপেক্ষাকৃত নবীনদের সুযোগ দিয়েছেন তিনি। এই কমিটিতে তিনি রেখেছেন রাহুল গান্ধীকে। রণদীপ সিং সুরজেওয়ালাকে তিনি মুখপাত্র করেছেন কমিটির।

দলের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে কমিটি
এছাড়া কমিটিতে রয়েছেন পি চিদম্বরম, মণীশ তিওয়ারি, কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ, প্রবীণ চক্রবর্তী, গৌরব বল্লভ, সুপ্রিয়া শীনাতে এবং রোহন গুপ্ত প্রমুখ। বেণুগোপাল জানান, এই কমিটির সদস্যরা প্রতিদিন সাক্ষাৎ করে দলের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।












Click it and Unblock the Notifications