মোদী হটাতে সনিয়ার ডাকে সাড়া মমতার, পাখির চোখ ২০১৯-এ বেজে গেল জোট-নিশান
দিল্লিতে বিরোধী জোটের তোড়জোড়। মঙ্গলবার ১৭ টি বিরোধীদলের নেতৃত্বকে নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। নৈশভোজ ডাকা হয়েছে ১০ জনপথে সনিয়ার বাড়িতেই।
দিল্লিতে বিরোধী জোটের তোড়জোড়। মঙ্গলবার ১৭ টি বিরোধীদলের নেতৃত্বকে নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। নৈশভোজ ডাকা হয়েছে ১০ জনপথে সনিয়ার বাড়িতেই। ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে এই নৈশভোজের যে বিশেষ গুরুত্ব রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ওড়িশার শাসকদল টিডিপি, টিআরএস এবং বিজেডিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। মোদী মন্ত্রিসভা থেকে তাদের দুই মন্ত্রীকে সরিয়ে নিলেও, এখনও এনডিএ-র সঙ্গী রয়েছে টিডিপি। অন্যদিকে টিআরএস প্রধান তৃতীয় ফ্রন্টের ডাক দিয়েছেন।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড বিকাশ মোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবু্লাল মারান্ডি এবং জেএমএম নেতা হেমন্ত সারেন নৈশভোজে অংশ নেবেন। এছাড়াও নৈশভোজে থাকবেন দিন কয়েক আগে এনডিএ ছেড়ে আসা হিন্দুস্তান আওয়ামি মোর্চা নেতা জিতেন রাম মাঝি এবং লালুপ্রসাদের আরজেডি। আরজেডির তরফে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই নৈশভোজে হাজির থাকতে পারেন বলে খবর।
তৃণমূলের তরফে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকতে পারবেন না। থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডিএমকের তরফে কানিমোঝি, এসপি-র তরফে রামগোপাল যাদবের নৈশভোজে হাজির থাকার সম্ভাবনা। সিপিএম এবং সিপিআই-এর তরফে যথাক্রমে সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা হাজির থাকতে পারেন। জেডিএস, কেরল কংগ্রেস, আইইউএমএল, আরএসপি এবং আরএলডিকেও এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, নৈশভোজে বিএসপিকে আমন্ত্রণ জানানো হলেও, মায়াবতী কিংবা তাঁর কোনও প্রতিনিধি তাতে অংশ নেবেন না।












Click it and Unblock the Notifications