ফের সোনিয়াই ভরসা, কংগ্রেসের সবচেয়ে দীর্ঘ সময় নেতৃত্বে তিনিই
রাহুল হাল ছাড়লেও, সোনিয়া ছাড়লেন না। সভাপতি নির্বাচনের বৈঠক থেকে বেরিয়ে গিয়েও ফিরে এসেছিলেন তিনি। দলের হাল ধরতে সম্মত হয়েছেন অন্তর্বর্তী সভাপতি হিসেবে থাকতে।
রাহুল হাল ছাড়লেও, সোনিয়া ছাড়লেন না। সভাপতি নির্বাচনের বৈঠক থেকে বেরিয়ে গিয়েও ফিরে এসেছিলেন তিনি। দলের হাল ধরতে সম্মত হয়েছেন অন্তর্বর্তী সভাপতি হিসেবে থাকতে। ১৩৪ বছরের রাজনৈতিক দল কংগ্রেস কিছুতেই এতো তাড়াতাড়ি হারিয়ে যাবে এটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। বিদেশিনী বলে বিরোধীদের কটাক্ষ কম জোটেনি সোনিয়ার, কিন্তু সেসবের তোয়াক্কা না করেই অত্যন্ত দক্ষতার সঙ্গে দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পরেও দুই সন্তানকে নিয়ে শক্তহাতে হাল ধরেছিলেন সোনিয়া। তাঁরই নেতৃত্বে সফল ভাবে কাজ চালিয়েছে ইউপিএ ওয়ান এবং ইউপিএ-টু সরকার। তার পরে বিরোধী আসনে বসতে হলেও সোনিয়া গান্ধী কিন্তু দলের হাল শক্ত হাতেই ধরে রেখেছিলেন।

বিদেশিনী হলেও গান্ধী পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে মনে প্রাণে ভারতীয়ই হয়ে গিয়েছেন তিনি। গত ২০ মাস তিনি নেতৃত্বের দায়িত্ব ছেলে রাহুলের হাতে তুলে দিয়েছিলেন। শারীরিক কারণও ছিল এর পিছনে। নেতৃত্বে তেমন সক্রিয়ভাবে না থাকলেও পার্টির খোঁজ খবর ঠিকই রেখেছিলেন তিনি।
এপ্রসঙ্গ উল্লেখ্য যে অমেঠিতে রাহুল হারলেও সোনিয়া কিন্তু রায়বরেলিতে জিতেছেন। জনমানসেও সোনিয়ার যে একটা গ্রহণযোগ্যতা রয়েছে সেকথা দলের নেতারাও বিলক্ষণ জানেন। এযাবত কংগ্রেসের যত সভাপতি হয়েছেন তাঁদের মধ্যে সোনিয়া গান্ধীই সবচেয়ে বেশি সময় এই পদের দায়িত্বে থেকেছেন। টানা ১৯ বছর কংগ্রেসের সভাপতি পদের দায়িত্বে ছিলেন তিনি। এবং সেই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালনও করেছেন। আবারও তাই তাঁকেই হাল ধরতে হল।












Click it and Unblock the Notifications