চোদ্দ মাসের শিশুর অঙ্গে প্রাণ বাঁচল ২ জনের, রেকর্ড পশ্চিম ভারতে
চোদ্দ মাসের সোমনাথ শাহ প্রয়াত হয়েছে। তবে তার হৃদপিণ্ড ধুকপুক করছে তিন বছর বয়সী এক শিশুকন্যার বুকে, এছাড়া কিডনি পেয়ে প্রাণে বেঁচেছে ১৫ বছর বয়সী এক কিশোর।
চোদ্দ মাসের সোমনাথ শাহ প্রয়াত হয়েছে। তবে তার হৃদপিণ্ড ধুকপুক করছে তিন বছর বয়সী এক শিশুকন্যার বুকে, এছাড়া কিডনি পেয়ে প্রাণে বেঁচেছে ১৫ বছর বয়সী এক কিশোর।
এই অঙ্গদান করেই সোমনাথ হয়ে উঠেছে পশ্চিম ভারতের সবচেয়ে নবীন অঙ্গদাতা। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। সোমনাথের হৃদপিণ্ড নভি মুম্বইয়ের তিন বছরের আরাধ্যা যোগেশ মুলের দেহে বসানো হয়েছে।

আরাধ্যা এক বিরল হৃদপিণ্ডের অসুখে ভুগছিল। প্রতিস্থাপনের জন্য ছোট হৃদপিণ্ড পেতে বেশ সমস্যায় পড়েছিলেন চিকিৎসকেরা। তবে সুরাতের বাসিন্দা সোমনাথের হৃদপিণ্ড তার প্রাণ বাঁচিয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, গত ছয় মাস ধরে আরাধ্যার জীবন বাঁচাতে প্রচার চলেছিল। অবশেষে ছয় মাস পরে গিয়ে সঠিক মাপের হৃদপিণ্ডের খোঁজ মিলল। প্রতিস্থাপন সফল হয়েছে। এখন আরাধ্যা সুস্থ জীবনযাপন করতে পারবে।
গত ২ সেপ্টেম্বর সুরাতে নিজের বাড়িতে খেলতে গিয়ে মই থেকে পড়ে যায় ছোট্ট সোমনাথ। মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসকেরা জানান, ব্রেন হ্যামারেজ হয়েছে। খুলি গুড়িয়ে গিয়েছে। ৪ সেপ্টেম্বর তাকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ সোমনাথের বাবা সুনীল শাহকে বুঝিয়ে রাজি করে।
সুনীল শাহ জানান, এভাবে ছেলে ছেড়ে চলে যাবে বুঝিনি। তবে ও এখন আরাধ্যার মধ্যে বেঁচে থাকবে। শেষকৃত্য সম্পন্ন হলেই তাঁরা মুম্বই গিয়ে আরাধ্যার সঙ্গে দেখা করে আসবেন। এদিকে সোমনাথের কিডনিতে গুজরাতের বানসকাঁথা জেলার এক কিশোর প্রাণে বেঁচেছে। গত দশ বছর ধরে সে কিডনির সমস্যায় ভুগছিল।












Click it and Unblock the Notifications