ছবিওয়ালা ভোটার স্লিপ লাগবে ভোটে, কার্যকর 'নোটা'-ও

বুধবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পৎ জানিয়েছেন, ভোটারদের নামের যে তালিকা নির্বাচন কমিশনের কাছে রয়েছে, সেই তালিকায় নামের পাশে ছবিও আছে। ওই ছবিই থাকবে ভোটার স্লিপে। আপনার কেন্দ্রে যে দিন ভোট, তার ৫-৭ দিন আগে ভোটকর্মীরা বাড়িতে স্লিপ পৌঁছে দেবেন। ওই স্লিপটি ভোট দিতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। আর সঙ্গে সচিত্র পরিচয়পত্র তো অবশ্যই রাখতে হবে।
এবারের ভোটের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, 'নোটা' (নান অফ দ্য অ্যাবাভ বা ওপরের কাউকে নয়) অপশন। অর্থাৎ আপনি যদি মনে করেন, কোনও প্রার্থীই আপনার পছন্দের নয়, তা হলে ইভিএমের একদম শেষে 'নোটা' বোতামটি টিপবেন। ২০১৩ সালের ডিসেম্বরে পাঁচ রাজ্যে যে বিধানসভা ভোট হয়েছিল, সেখানে এটি প্রথম চালু হয়। লোকসভা ভোটে এই প্রথম 'নোটা' প্রয়োগ হবে।
আর একটি বিষয়ও এবারের ভোটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তা হল, ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। সাধারণ বুথে অন্তত দু'জন এবং স্পর্শকাতর বুথগুলিতে অন্তত চার জন জওয়ানকে মোতায়েন করা হবে। পাশাপাশি, প্রার্থীদের খরচ-খরচার বিষয়টি খতিয়ে দেখতে আলাদা পর্যবেক্ষক নিয়োগ করবে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications