আফগান জেল থেকে জইশের ১০০ জঙ্গি মুক্তি পেতেই ফের ভারতকে টার্গেট সংগঠনের! হাড়হিম করা তথ্য গোয়েন্দা রিপোর্টে
তালিবানের দাপটে ১০০ জন জঙ্গিকে আফগান জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর সেই সন্ত্রাসবাদীরা ছাড়া পেতেই ফের তাদের চেনা ডেরায় ঢুকে যেতে শুরু করেছে। ফলে দিনে দিনে পোক্ত হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। আর এই পোক্ত সংগঠনকে সঙ্গে নিয়েই এবার ভারতে হামলার টার্গেট করে চলেছে জইশ এ মহম্মদ। তাদের নিয়ে নয়া গোয়েন্দা রিপোর্ট কী বলছে দেখা যাক।

ভারতের কোন এলাকা টার্গেটে?
জানা গিয়েছে, আপাতত যা পরিস্থিতি তাতে জইশ এ মহম্মদ ফের একবার কাশ্মীরকে টার্গেট করে ভারতে হামলা চালানোর ছক কষছে। এমনই তথ্য এসেছে গোয়েন্দা রিপোর্টে। নিজের ক্যাডারদের ফের একবার জঙ্গি প্রশিকক্ষণ দিয়ে ভারতে হামলার ছক কষে যাচ্ছে জইশ গোষ্ঠী। এদিকে, তালিবানের শাসনে থাকা আফগান জেল থেকে ১০০ জন জইশ জঙ্গি ছাড়া পেতেই ক্রমেই নিজের শক্তিবৃদ্ধির স্ট্র্যাটেজিতে শান দিচ্ছে জইশ এ মহম্মদ। জানা গিয়েছে, ভারতে হামলার জন্য জইশ প্রধান মাসুদ আজাহার নিজে চেষ্টা করে চলেছে যাতে জঙ্গিরা সঠিক প্রশিক্ষণ পায়।

তালিবান-জইশ বৈঠক
এদিকে, তালিবান ও জইশ সদস্যদের মধ্যে সদ্য সম্পন্ন হয়েছে বৈঠক। সূত্রের খবর, সেখানে ভারতকে টার্গেট করে জইশের হামলার ছককে সমর্থন জানিয়ে দিয়েছে তালিবান। এদিকে, এর আগে আফগানিস্তানের বুকে ভারতীয় দূতাবাসে ঢুকে তালিবানি জঙ্গিরা নথি থেকে শুরু করে চুরি করে নিয়ে যায় বহু গাড়ি। এই পরিস্থিতির মাঝেই তালিবানের জন্য চিন ও পাকিস্তানের সমর্থন উড়ে আসে।

কাশ্মীরে জঙ্গি নিধন
যেখানে পাকিস্তানের বুকে বসে জইশ জঙ্গিরা একের পর এক ছক কষছে, সেখানে ভারতে কাশ্মীরের বুক পর পর জইশ জঙ্গিকে নিধন করা হচ্ছে। এর আগে জুলাই মাসের ৩১ তারিখ, কাশ্মীরের ত্রালে এক ঘন অরণ্যর মধ্যে এনকাউন্টারের ঘটনায় দুই কুখ্যাত জইশ জঙ্গি মারা যায়। মহম্মদ ইসমাইল ও আবদুল রাশিদ গাজি নামের দুই জইশ কমান্ডারকে নিকেশ করা হয়। জানা যায়, কাশ্মীরে এই দুই জইশ কমান্ডাররাই যাবতীয় নতুন নতুন যুবকদের নিযুক্ত করত সন্ত্রাস শিবিরে।

কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা
এদিকে, ক্রমাগত ভারতে অনুপ্রবেশের চেষ্টায় মগ্ন জইশ ও মহম্মদ গোষ্ঠী ও লস্কর এ তৈবা গোষ্ঠীর জঙ্গিরা। এদিকে, আফগানিস্তানের বুকে তালিবানের সঙ্গে হাতে হাত মিলিয়ে মার্কিন সেনাদের বিরুদ্ধে এই দুই জঙ্গিগোষ্ঠী লড়াই চালাচ্ছে বলেও খবর রয়েছে। তারই মাঝে ভারতকে টার্গেট করে অনুপ্রবেশের নানান কৌশল রপ্ত করে তারা জঙ্গিদের ভারতে প্রেরণের বন্দোবস্ত করছে বলেও খবর রয়েছে গোয়েন্দা সূত্রে।












Click it and Unblock the Notifications