সিকিমে তুষারঝড়ে বিপর্যয়, ছাঙ্গু নাথুলায় আটকে ৪৬ পর্যটক, উদ্ধার করল ভারতীয় সেনা
সিকিমের পাহাড়ে হঠাৎ তুষারপাতের দাপট। কয়েক ঘণ্টার টানা তুষারপাতে বিপাকে পড়লেন ৪৬ জন পর্যটক। পূর্ব সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় রাস্তা বন্ধ হয়ে পড়তেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত উদ্ধারে নামে ভারতীয় সেনা। দীর্ঘ চেষ্টার পর সকলকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে সেনা সূত্রে।
জানা গেছে, গোটা জানুয়ারি জুড়ে সিকিমে ছিল শুষ্ক আবহাওয়া। ফেব্রুয়ারির শুরুতেও তুষারের দেখা মেলেনি। কিন্তু আচমকাই আবহাওয়ার খামখেয়ালিপনায় বদলে যায় ছবিটা। শুরু হয় টানা তুষারপাত। ফলে ছাঙ্গু ও নাথুলা সংলগ্ন এলাকায় আটকে পড়েন পর্যটকেরা। তাঁদের মধ্যে কয়েকজন শিশু ও প্রবীণও ছিলেন।

রবিবার পরিস্থিতি আরও খারাপ হয়, যখন জওহরলাল নেহরু রোডের ধারে পর্যটকবোঝাই একাধিক গাড়ি বরফে আটকে পড়ে। দ্রুত উদ্ধার অভিযানে নামে সেনা। শুরু হয় 'অপারেশন হিমরাহাত'। স্থানীয় বাসিন্দারাও হাত বাড়িয়ে দেন সহায়তায়। কয়েক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় ৪৬ জনকেই উদ্ধার করে ১৭ মাইল এলাকার সেনাছাউনিতে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তাঁদের রাখা হয়েছে নিরাপত্তার কারণে।
আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের সমতলে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ও পূর্ব সিকিমে বৃষ্টি ও তুষারপাতের প্রবণতা বজায় থাকতে পারে। ফলে পাহাড়ি রাস্তায় যাতায়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications