রাহুল গান্ধীকে হারাতে ফের স্মৃতিতেই ভরসা রাখল বিজেপি
এবারও আমেঠি কেন্দ্রে স্মৃতি ইরানিতেই ভরসা রাখল গেরুয়া শিবির।
২০১৪ সালে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ের মধ্যে দাঁড়িয়েও আমেঠি থেকে রাহুল গান্ধীর উইকেট ফেলতে পারেননি স্মৃতি ইরানি। রাহুল এই আসনে জিতলেও উত্তরপ্রদেশ দখল করে নেয় বিজেপি। আর এবারও আমেঠি কেন্দ্রে স্মৃতি ইরানিতেই ভরসা রাখল গেরুয়া শিবির।

এদিন উত্তরপ্রদেশের অনেক আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে আমেঠি থেকে দাঁড় করিয়েছে স্মৃতি ইরানিকে। কংগ্রেসের হয়ে সেই রাহুলই দাঁড়িয়েছেন।
২০১৪ সালে রাহুল গান্ধী ১ লক্ষ ৭ হাজার ভোটে জিতেছিলেন। তবে ২০০৯ সালে সেই ব্যবধান ছিল ৩ লক্ষ ৭০ হাজার। অর্থাত স্মৃতি ব্যবধান অনেকটাই কমিয়ে আনেন। এবার জিততে পারবেন কিনা তা সময়ই বলবে।
এদিন লোকসভা ভোটের জন্য উত্তরপ্রদেশ থেকে ২৮ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাকী আসনে পরে প্রার্থী ঘোষণা হবে।
উত্তরপ্রদেশেরই বারাণসী থেকে লড়ছেন নরেন্দ্র মোদী। মথুরা থেকে হেমা মালিনী ও লখনৌ থেকে রাজনাথ সিং লড়াই করছেন। গাজিয়াবাদ থেকে লড়ছেন ভিকে সিং।
প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে ভোটগ্রহণ শুরু হবে। শেষ দফার ভোটগ্রহণ হবে ১৯ মে। ভোটের গণনা ও ফলপ্রকাশ হবে ২৩ মে।












Click it and Unblock the Notifications