তেলেঙ্গানা: ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থার নোটিশ ছয় কংগ্রেস সাংসদের

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে এখন সীমান্ধ্র ও রায়লসীমা ফুটছে। বিক্ষিপ্ত হিংসা, বনধ ইত্যাদি নিত্যসঙ্গী। তেলুগু দেশম পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস প্রথম থেকে রাজ্য ভাগ করার বিরোধিতা করে আসছে। বিরোধিতা করেছেন অন্ধ্রপ্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডিও। সীমান্ধ্র অর্থাৎ উপকূল অন্ধ্রে কংগ্রেস ভাঙতে বসেছে। তারই বহিঃপ্রকাশ ঘটে ছয় কংগ্রেস সাংসদের পদক্ষেপে। এঁরা সবাই সীমান্ধ্র অঞ্চল থেকে নির্বাচিত। এই ছ'জন হলেন আর এস রাও, সব্বম হরি, ভি অরুণকুমার, এ সাইপ্রতাপ, এল রাজাগোপাল এবং জি ভি হর্ষকুমার। লোকসভায় দাঁড়িয়ে সোনিয়া গান্ধীর সামনে এঁরা কংগ্রেসকে তুলোধোনা করেন।
প্রসঙ্গত, ক্যাবিনেটে তেলেঙ্গানা বিল পাশ হয়ে গিয়েছে। এবার লোকসভায় পেশ হওয়ার কথা। তার আগে এই ছয় সাংসদ অনাস্থা প্রস্তাবের নোটিশ এনে কংগ্রেসকে নিঃসন্দেহে বিব্রত করলেন। অন্ধ্রপ্রদেশ থেকে লোকসভায় নির্বাচিত সাংসদের সংখ্যা হল ৪২জন। ১৭জন তেলেঙ্গানা অঞ্চলের। বাকি ২৫জন সীমান্ধ্র ও রায়লসীমা থেকে নির্বাচিত। তেলেঙ্গানা বিল পেশ হলে এই ২৫জন একসঙ্গে বিরোধিতা করবেন বলে অনুমান। সঙ্গে থাকছে তেলুগু দেশম পার্টির ছ'জন সাংসদ। এদিকে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তৃণমূলের ১৯জন সাংসদ একযোগে তেলেঙ্গানা বিলের বিরোধিতা করবে। ফলে,তেলেঙ্গানা বিল ঘিরে সংসদের শীতকালীন অধিবেশন গরম হতে চলেছে।












Click it and Unblock the Notifications