মণিপুরে হিংসা কমেছে, অধিকাংশ স্কুল আবারও খুলেছে! রাজ্যসভায় মণিপুর নিয়ে আর কী বললেন PM মোদী
বিরোধীরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেছিলেন। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদ প্রস্তাব পেশ করতে গিয়ে সেই মণিপুর পরিস্থিতির বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, মণিপুরে হিংসা ক্রমাগত হ্রাস পাচ্ছে। রাজ্যের বেশিরভাগ স্কুল আবার চালু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজ্যে সম্পূর্ণ শান্তি ফেরাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার রাজ্যে শান্তি ফেরাতে সব স্টেক হোল্ডারদের সঙ্গে যোগাযোগ করছে।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, গত বছরের ৩ মে থেকে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারপর থেকে সরকারি হিসেবে দুশো কুড়ির ওপর মানুষের মৃত্যু হয়েছে। অন্তত ৫০ হাজার মানুষের এখনও ত্রাণ কেন্দ্রগুলিতে আশ্রয়ে রয়েছেন।
প্রধানমন্ত্রীর মণিপুর-বার্তা
প্রধানমন্ত্রী জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করে চলেছে। রাজ্যে যাই ঘটুক না কেন, মণিপুরে এগারো হাজারের বেশি এফআইআর দায়ের করা হয়েছিল এবং পাঁচশোর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল।
হিংসা কমছে
প্রধানমন্ত্রী বলেছেন, মণিপুরের হিংসার পরিস্থিতি ক্রমেই কমছে। মণিপুরে বেশিরভাগ স্কুল, কলেজ, অফিস খোলা। প্রধানমন্ত্রী বলেন, মণিপুরে যারাই হিংসা ছড়ানোর চেষ্টা করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, কংগ্রেস অতীতে মণিপুরে ১০ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিল। তিনি বলেছেন, রাজনীতিকে পিছনে ফেলে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করতে হবে।
উল্লেখ অমিত শাহের কথাও
তিনি মণিপুর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সেখানকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহায়তা দিচ্ছে। এনডিএরএফের দুটি দল মণিপুরে গিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ দেশের মানুষের কাছে অনুপ্রেরণা। তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে দেশের মানুষ তাদেরকে আশীর্বাদ করেছে। দেশের মানুষ পারফরমেন্সকে প্রাধান্য দিয়েছে। পাশাপাশি জনগণও বিভ্রান্তির রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications