বাজেট ২০২০: বাজেট পেশ করছেন সীতারমন, হাতে স্বদেশি বহি–খাতা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর দ্বিতীয় বাজেট পেশ করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছেন। শনিবার তাঁকে বাজেট পেশের কিছু ঘণ্টা আগেই দেখা গেল চিরাচরিত লাল কাপড়ে মোড়া 'বহি–খাতা’ (বাজেট খতিয়ান) হাতে নিয়ে, যা গত বছরও তাঁর হাতে দেখা গিয়েছিল। হলুদ রঙের সিল্ক শাড়ি পড়ে এদিন তাঁকে সংসদের দিকে যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও মন্ত্রকের অন্যান্যরা। সকাল ১১টায় বাজেট পেশের আগে অর্থমন্ত্রী আগে দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। বাজেট বক্তব্যের জন্য সাধারণত ৯০ থেকে ১২০ মিনিট পাওয়া যায়।

গত বছর সীতারমন দীর্ঘকালের প্রথা ভেঙে বাজেটের খতিয়ান চামড়ার ব্রিফকেসে করে না এনে বরং স্বদেশী প্রথাকে অনুসরণ করে 'বহি–খাতা’ করে নিয়ে যান। ৮৯তম কেন্দ্রীয় বাজেটের সময় ব্রিফকেস থেকে বহি–খাতায় স্থানান্তর হওয়ার বিষয়ে গত বছরের জুলাইতে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম বলেন, 'সরকার ভারতীয় রীতিকে অনুসরণ করে এবং বহি–খাতা হল আমাদের পশ্চিমী চিন্তা থেকে বিদায়ের প্রতীক।’ দীর্ঘদিনের রীতি ব্রিফকেসের বদল নিয়ে সুব্রহ্মণ্যম বলেন, 'এটা বাজেট নয়, কিন্তু বহি–খাতা (বাজেটের খতিয়ান)। সীতারমন বিশ্বাস করেন যে বড় কোনও শুভ অনুষ্ঠানে চামড়া জিনিস ব্যবহার করা অশুভ, তাই তিনি চামড়ার ব্যাগকে এড়িয়ে চলেন এবং লাল কাপড় দিয়ে বহি–খাতা নিয়ে আসেন। এটা শুভ বলে গণ্য করা হয়।’
গত বছরের জুলাইতেই সীতারমন জানিয়েছিলেন যে মোদী সরকার স্যুটকেস বহনকারী সরকার নয়। যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। সীতারমনের আগে অটল বিহারি বাজপেয়ি সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিন্হা রীতিগত প্রথা ভেঙে বিকেল পাঁচটার পরিবর্তে সকাল এগারোটায় বাজেট পেশ করেন। তারপর থেকেই কেন্দ্রে আসা সব সরকারই সকাল ১১টার সময় বাজেট পেশ করেন।












Click it and Unblock the Notifications