Sikkim: ভয়াবহ ঘটনা সিকিমে, মেলার মধ্যে হঠাৎ ঢুকে পড়ল ট্রাক, পিষে মৃত ৩ আহত একাধিক
সিকিমে ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ে ঠাসা মেলার মধ্যে হঠাৎ ঢুকে পড়ল দ্রুত গতির ট্রাক। দুধের ট্যাঙ্কার ভরা ছিল গাড়িটিতে। আচমকা ট্রাকটি ভিড়ে ঠাসা মেলার মধ্যে প্রবেশ করে পিষে দেয় ৩ জনকে। আহত হয়েছে ২০ জনেরও বেশি। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিকিমের রানিপুলে বসেছিল তাম্বলা মেলা। স্থানীয় বাসিন্দা থেকে অনেক পর্যটক সেখানে গিয়েছিলেন। জমজমাট পাহাড়ি মেলা। শনিবার সন্ধে সাতটা নাগাদ আলোয় ঝলমলে মেলায় হঠাৎ যমদূতের মতো হাজির হয় সেই বিশালাকৃতির দুধের ট্যাঙ্কার। হুড়মুড়িয়ে মেলার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে গাড়িটি।
গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল দুধের ট্যাঙ্কারটি। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতি নিয়ে মেলার মধ্যে ঢুকে পড়ে গাড়িটি। মেলায় তখন জমজমাট ভিড়। আচমগা এই গতিতে আসা লরিটি কিছু বুঝে ওঠার আগেই পিষে দেয় তিন জনকে। লরির ধাক্কায় ছিটকে পড়েন বেশ কয়েকজন। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। শিলিগুড়ি গামি গাড়িটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। মেলার মাঠে ঢোকার আগে তিনটি ট্যাক্সিকেও ধাক্কা মারে গাড়িটি। আটমকা এই ঘটনায় হতবম্ব হয়ে গিয়েছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মীও রয়েছেন।
মেলা দেখতে আসা স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহত ২০ জনকে তাদোং সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভর্তি অনেকের অবস্থাই আশঙ্কা জনক। জানা গিয়েছে যেখানে মেলা বসেছিল সেখানে ট্রাকের পার্কিংও করা হতো। মেলাটি প্রায় ১ মাস ধরে চলছিল।












Click it and Unblock the Notifications