কংগ্রেসের ৫ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ এই আর্থিক বছরেই! মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত সিদ্দারামাইয়ার
২০২৩-এর নির্বাচনের আগে কংগ্রেস যে ৫ প্রতিশ্রুতি দিয়েছিল কর্নাটকবাসীর উদ্দেশে, তা এই আর্থিক বছরেই পূরণ করার সিদ্ধান্ত নিল সিদ্ধারামাইয়া সরকার। সরকারে এসেই প্রতিশ্রুতি পূরণকেই অগ্রাধিকার দিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।
মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল কর্নাটকের সিদ্দারামাইয়া সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেও। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে কংগ্রেস সরকরা স্কিমগুলি রোল আউট করল।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, "আমরা আজ একটি মন্ত্রিসভা বৈঠক করেছি। এই বৈঠকে পাঁচটি প্রতিশ্রুতি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দেওয়া পাঁচ প্রতিশ্রুতি বর্তমান আর্থিক বছরেই বাস্তবায়িত করব।"
সিদ্দারামাইয়া বলেন, "আমি এবং কর্নাটক কংগ্রেসের সভাপতি তথা উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার গ্যারান্টি কার্ডগুলিতে স্বাক্ষর করেছি। আমরা সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করার অঙ্গিকার করেছি। সেগুলি মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা মুখিয়ে রয়েছি।"
কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই মন্ত্রিসভার বৈঠক করে পাঁচ প্রতিশ্রুতি পূরণের আদেশ জারি করেছিলেন সিদ্ধারামাইয়া। নির্বাচনের আগে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি গৃহজ্যোতি, গৃহলক্ষ্মী, অন্ন-ভাগ্য, যুবনিধি ও উচিতা প্রয়াণা বা শক্তি প্রকল্পের সূচনার কথা জানিয়েছিলেন তিনি।

প্রতি পরিবারের জন্য ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের জন্য গৃহজ্যোতি প্রকল্প, প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীকে ২০০০ টাকা মাসিক সহায়তার জন্য গৃহলক্ষ্মী প্রকল্প, বিপিএল পরিবারের প্রত্যেক সদস্যকে বিনামূল্যে ১০ কেজি চাল প্রদানের জন্য অন্নভাগ্য প্রকল্প রূপায়ণের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া বেকার স্নাতক যুবকদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা এবং বেকার ডিপ্লোমাধারীদের জন্য ১৫০০ টাকা দু-বছরের জন্য দেওয়ার কথা ঘোষণা করা হয় যুবনিধি প্রকল্পে। এই প্রকল্প উভয়ক্ষেত্রেই ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্য। পাবলিক ট্রান্সপোর্ট বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের জন্য উচিতা প্রয়াণা প্রকল্প রূপায়ণের নির্দেশও দেওয়া হয়।

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "ইস্তাহারে পাঁচটি গ্যারান্টি দেওয়া হয়েছিল। সেই পাঁচটি গ্যারান্টি এ বছরেই বাস্তবায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। বদ্ধপরিকর মানুষকে সসম্ত পরিষেবা দিতে।
কর্নাটকে প্রচারের সময় রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতারা বারবার বলেছিলেন, ক্ষমতায় এলেই তাদের সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকে পাঁচ প্রতিশ্রুতি পূরণ করবে। কংগ্রেসের ইস্তেহার খসড়া কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক কে ই রাধাকৃষ্ণ বলেছিলেন পাঁচটি গ্যারান্টি স্কিম বাস্তবায়নে বার্ষিক ৫০ হাজার কোটি টাকার বেশি খরচ হবে না।












Click it and Unblock the Notifications