কংগ্রেসের তৃতীয় তালিকাতেও ‘দ্বিতীয় আসন’ পেলেন না সিদ্দারামাইয়া, নেপথ্যে কী কারণ
কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের তৃতীয় তালিকা প্রকাশ হল। এই তিন নম্বর তালিকাতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জন্য দ্বিতায় আসন বরাদ্দ হল না। অর্থাৎ সিদ্দারামাইয়াকে এবার একটি আসনেই লড়তে হচ্ছে। কংগ্রেস শনিবার ৪৩ জন প্রার্থীর তৃতীয় তালিকা প্রকাশ করে।
এই তালিকাতেও সিদ্দারামাইয়ার নাম না থাকায় তাঁর দ্বিতীয় আসনে লড়ার সম্ভাবনা রইল না। তাঁকে এবার একটি আসনে জিতেই বিধানসভায় আসতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোলার থেকে দ্বিতীয় একটি আসনে লড়তে চেয়েছিলেন। আগেই শেষবার লড়াইয়ের কথা ঘোষণা করেছেন প্রবীণ রাজনীতিবিদ।

শেষবার তিনি দুটি আসনে লড়ার সুবিধা পাচ্ছেন না। সিদ্দারামাইয়া যে আসনে লড়তে চেয়েছিলেন, তার বদলে প্রাক্তন বিধায়ক কোথুর মঞ্জুনাথকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ফলস্বরূপ সিদ্দারামাইয়া শুধুমাত্র মাইসুরুর বরুণা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারের বিধানসভা নির্বাচনে।
মাইসুরুর বরুণা আসনটি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতা সিদ্দারামাইযার ছেলে ডাঃ যথীন্দ্র সিদ্দারামাইয়ার দখলে রয়েছে। আর বেলগাভি জেলার আথানি থেকে কংগ্রেস এবার প্রার্থী করেছে বিজেপির প্রাক্তন ডেপুটি সিএম লক্ষ্মণ সাভাদিকে। শুক্রবারই তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

এই আসনে তিনি বিজেপির মহেশ কুমথাল্লির বিরুদ্ধে লড়বেন। ২০১৮ সালেও দু'জন একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এবার তাঁরা মুখোমুখী হচ্ছেন। এবার পার্থক্য শুধু উভয়েই দলবদলেছেন। অর্থাৎ প্রতীক অদলবদল করে তাঁরা লড়াইয়ে নামছেন এবার। সেই নিরিখে এই আসনটি গুরুত্বপূর্ণ।
তেমনই কেএম শিবলিঙ্গে গৌড়া গতবার হাসন জেলার আরাসিকের থেকে জেডিএস বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি দলবদলে কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবারের তৃতীয় তালিকা ঘোষণার পর কংগ্রেস ২০৯টি আসনের প্রার্থীর নাম জানিয়ে দিল।
প্রতিদ্বন্দ্বী দলগুলোর কয়েকজন শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে এখনও কংগ্রেস কাকে দাঁড়া করাবে তা চূড়ান্ত করতে পারেনি। ফলে বাকি ১৫টি আসনে এখনও প্রার্থী দিতে বাকি, এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত বিজেপি ২১২টি আসন এবং জেডিএস ১৪৩টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।

এদিকে সিদ্দারামাইয়াকে দুটি আসন না দেওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। আগেরবার দুটো আসনে দাঁড়িয়েছিলেন সিদ্দারামাইয়া। কিন্তু একটায় জিতে একটায় হেরেছিলেন তিনি। এবার দুটো আসন তাঁকে দেওয়া হয়নি। এর ফলে রাজনৈতিক মহলে মনে করছে নেপথ্যে রয়েছে দুটি কারণ।
সিদ্দারামাইয়া এবারই শেষবারের মতো লড়বেন বলে মন্তব্য করেন। তারপর তাঁকে দুটি আসন না দেওয়ার মানে কংগ্রেস তাঁকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে না। আর দ্বিতীয় কারণ শিবকুমারের লবি স্ট্রং। জিতলে তিনিই হবেন মুখ্যমন্ত্রী। তাঁকে দুটি আসনে প্রার্থী না করিয়ে সেটাই বুঝিযে দিল কংগ্রেস।












Click it and Unblock the Notifications