'মিরাকেল' হল না, প্রয়াত ল্যান্সনায়েক হনমন্তাপ্পা কোপ্পড়
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : সিয়াচেনে ২৫ ফুট বরফের নিচে চাপা পড়েও প্রতিকূল পরিবেশে বেঁচে ছিলেন প্রায় ৬ দিন। তবে অনুকূল পরিবেশে দু'দিনের বেশি থাকতে পারলেন না ল্যান্সনায়েক হনমন্তাপ্পা কোপ্পড়।
আম আদমি থেকে শুরু করে সেলেবসের শত কোটি প্রার্থনা সত্ত্বেও প্রয়াত হলেন এই সেনা জওয়ান। এদিন সকাল থেকেই অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। কিডনি, লিভার কোনওটাই কাজ করছিল না। নিউমোনিয়ায় আক্রান্ত সেনা জওয়ানের রক্তচাপও কমে এসেছিল। একে একে সব অঙ্গই বিকল হতে শুরু করেছিল।

তবুও দেশের সেরা চিকিৎসা ব্যবস্থা ও ঈশ্বরের নাম নিয়ে শেষ চেষ্টা করে যাচ্ছিলেন দিল্লির সেনা হাসপাতালের চিকিৎসকেরা। কিন্তু সেই সব চেষ্টা জলে গেল। প্রয়াত হলেন এই বীর সেনা জওয়ান।
গত ৩ ফেব্রুয়ারি রাতেও অক্ষত ছিলেন হনমন্তাপ্পা সহ তাঁর সঙ্গীরা। সিয়াচেনের বরফের ধসে এরপরেই চাপা পড়ে যান তাঁরা। বরফের ধসে গোটা সেনা চৌকিটাই উধাও হয়ে যায়। ২৫ ফুট উঁচু বরফের তলায় চাপা পড়েন হনমন্তাপ্পারা। বাকীরা মারা গেলেও প্রায় ছয় দিন বরফের নিচে থেকেও বেঁচেছিলেন তিনি।
এরপরে তাঁকে উদ্ধার করে সেনা দল। উড়িয়ে নিয়ে আসা হয় দিল্লির সেনা হাসপাতালে। সেখানেই টানা দু'দিন লড়াই চালানোর পরে জীবনযুদ্ধে হেরে গেলেন বীর জওয়ান হনমন্তাপ্পা।












Click it and Unblock the Notifications