বিধানসভা ভোটের আগে দিল্লিতে বৈঠক! মুখোমুখি শাহ ও শুভেন্দু, কী নিয়ে আলোচনা হল? জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে
বিধানসভা ভোট দিন দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক শিবিরে ঠিক ততটাই তৎপরতা বাড়ছে। আর এই আবহেই সোমবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বাসভবনে বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে পৌঁছেই সন্ধ্যায় তিনি শাহের সঙ্গে দেখা করেন। প্রায় আধ ঘণ্টা ধরে দুই জনের মধ্যে আলোচনা চলতে থাকে।

যদিও সেই বৈঠক নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি কেউই। তবে রাজনৈতিক মহলের মত যে, বাংলার সামনের বিধানসভা নির্বাচন এবং বর্তমানের রাজনৈতিক পরিস্থিতিই ছিল ওই বৈঠকের মূল আলোচ্য বিষয়।
কয়েকদিন আগেই দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকটি সুকান্ত মজুমদার-এর দিল্লির বাসভবনে হয়েছিল। সেখানে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকের তার ঠিক এক সপ্তাহের মাথাতেই আবার শাহ এবং শুভেন্দু মুখোমুখি বৈঠক হওয়ার কারণে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
সূত্রের খবর অনুসারে, শুধুমাত্র বিধানসভা নির্বাচন নয়, রাজ্যসভা নিয়েও কথা হয়েছে এই বৈঠকে। বর্তমানে বঙ্গ বিজেপির তরফ থেকে রাজ্যসভায় শমীক ভট্টাচার্য রয়েছেন। তবে তাঁর মেয়াদ প্রায় শেষের পথে। আর এর মধ্যেই তিনি সাংগঠনিক স্তরে আবার নতুন দায়িত্বও পেয়েছেন। এই কারণে তাঁকে আবার তাঁকে রাজ্যসভায় পাঠানো হবে কিনা, না কি নতুন কোনও মুখ আনা হবে, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে।
উল্লেখ্য, বুধবার বাংলায় অমিত শাহের আসার কথা রয়েছে। বিজেপি সূত্রে খবর যে, সেই সফরের সময়ই রাজ্যের শীর্ষ নেতৃত্বদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিল। কিন্তু তার আগেই দিল্লিতে গিয়ে শুভেন্দুর শাহের সঙ্গে এই সাক্ষাৎকে ঘিরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাহ যদি বাংলায় আসে তাহলেও আলাদা করে আর কোনও বড় বৈঠক নাও হতে পারে। সোমবার হওয়া দিল্লির এই বৈঠকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
সমস্তটা মিলিয়ে, ভোটের আগে বঙ্গ রাজনীতিতে এই সাক্ষাৎ যে বিশেষ তাৎপর্য বহন করছে, তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications