তাদের কাছে অন্য বিকল্পও খোলা আছে! দুষ্মন্ত চৌতালার নাম নিয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনার
মহারাষ্ট্রে নতুন সরকার গঠন নিয়ে শিবসেনা ও বিজেপির মধ্যে টানাপোড়েন মঙ্গলবারেও। এদিন শিবসেনা অবশ্য বিজেপিকে সরাসরি হুঁশিয়ারিই দিয়েছে। তারা বলেছে মহারাষ্ট্রে তাদের অন্য বিকল্প খোলা আছে।
মহারাষ্ট্রে নতুন সরকার গঠন নিয়ে শিবসেনা ও বিজেপির মধ্যে টানাপোড়েন মঙ্গলবারেও অব্যাহত। এদিন শিবসেনা অবশ্য বিজেপিকে সরাসরি হুঁশিয়ারিই দিয়েছে। তারা বলেছে মহারাষ্ট্রে তাদের অন্য বিকল্প খোলা আছে। দিন দুয়েক আগে রাজ্যসভার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছিলেন, মহারাষ্ট্রের ক্ষমতার রিমোট কন্ট্রোল রয়েছে তাদের হাতে।

ফের হুঁশিয়ারি শিবসেনার
এদিন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেন, যদি বিজেপি সরকার গঠনে দেরি করে তাহলে তাদের কাছে অন্য বিকল্প রয়েছে। এপ্রসঙ্গে তিনি দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের কথাওো স্মরণ করিয়ে দেন। উদ্ধব ঠাকরে বলেছিলেন, তাদের কাছে অন্য বিকল্প রয়েছে। তবে তারা বিকল্প খুঁজে নিয়ে পাপ করতে চান না। তিনি আরও বলেছিলেন শিবসেনা সবসময় সত্যের রাজনীতি করে এসেছে।

'রিমোট কন্ট্রোল শিবসেনার হাতে'
দিন দুয়েক আগে বাল ঠাকরেকে স্মরণ করেছিল শিবসেনা। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছিলেন, মহারাষ্ট্রের ক্ষমতার রিমোট কন্ট্রোল রয়েছে শিবসেনার হাতেই। এটা স্মরণ করা যেতে পারে যে ক্ষমতার রিমোট কন্ট্রোল শব্দটা ব্যবহার করতেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে।

শিবসেনা বিজেপি ভোট পূর্ববর্তী জোট
২০১৪-তে না হলেও এবারের বিধানসভা নির্বাতনে বিজেপি ও শিবসেনার মধ্যে ভোট পূর্ববর্তী জোট হয়েছিল। রাজ্যের ২৮৮ টি আসনের মধ্যে বিজেপি এবং শিবসেনা যথাক্রমে ১৬৪ এবং ১২৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যথাক্রমে ১০৫ ও ৫৬ টি আসন দখল করে।

দুষ্মন্ত চৌতালার নাম নিয়ে বিজেপিকে কটাক্ষ
শিবসেনা সাংসদ এদিন হরিয়ানায় দুষ্মন্ত চৌতালার দলের সমর্থন নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন। তিনি বলেন, মহারাষ্ট্রে কোনও দুষ্মন্ত চৌতালা নেই, যাঁর বাবা জেলে রয়েছেন। এখানে শুধু রয়েছে কারা ধর্ম ও সত্য নিয়ে রাজনীতি করছে। শারদ পাওয়ার বিজেপির বিরোধী পরিবেশ তৈরি করে করেছেন। আর কংগ্রেসও কখনও বিজেপির সঙ্গে যাবে না। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জেলে ছিলেন দুষ্মন্ত চৌতালার বাবা অজয় চৌতালা। রবিবার হরিয়ানার শপথগ্রহণ অনুষ্ঠানে তিহার থেকে প্যারোলে ছাড়া পেয়ে যোগ দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications