অস্বস্তি বাড়ল উদ্ধব ঠাকরের, এবার মহিলা সাংসদের উপর অ্যাসিড হামলার 'হুমকি' শিবসেনার!
অমরাবতীর নির্দল সাংসদ নবনীর কউর রানার উপর অ্যাসিড হামলা চালানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তের বিরুদ্ধে। মহারাষ্ট্র সরকারে বিরুদ্ধে মুখ খোলার জেরেই নাকি নবনীতকে এই হুমকি দেন অরবিন্দ সাওয়ান্ত। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির রাজনৈতিক মহলে।

নবনীতকে জেলে ভরার হুঁশিয়ারি
অভিযোগকারী নবনীত কউর জানিয়েছেন তিনি অরবিন্দ সাওয়ান্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। শুধু অ্যাসিড হামলাই নয়, নবনীতকে জেলে ভরার হুঁশিয়ারিও দেন অরবিন্দ সাওয়ান্ত। যদিও এহেন অভিযোগ অস্বীকার করেছেন অরবিন্দ সাওয়ান্ত।

অরবিন্দ সাওয়ান্তের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি
লোকসভার স্পিকারকে ২২ মার্চ লেখা একটি চিঠিতে নবনীত লিখেছেন, 'আজ যেভাবে শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত আমাকে হুমকি দিয়েছেন, তা শুধু আমার জন্য অপমানজনক নয়, এটা দেশের সমগ্র মহিলাবর্গের জন্য অপমানজনক। আমি এই কারণে আমি অরবিন্দ সাওয়ান্তের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি জানাচ্ছি।'

মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মুখ খোলায় রোষের মুখে নবনীত
এদিন নবনীত অভিযোগ করেন, সংসদে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মুখ খোলায় রেগে যান অরবিন্দ সাওয়ান্ত। এরপরই নাকি অরবিন্দ সাওয়ান্ত নবনীতকে বলেন, 'আমি দেখে নেব আপনি কীভাবে মহারাষ্ট্রে ঘোরেন। আমরা আপনাকেও জেলে পাঠাব।' নবনীতের অভিযোগ, সংসদের লবিতে এহেন হুমকি শুনে তিনি স্তম্ভিত হয়ে যান। উল্লেখ্য, নবনীত সংসদে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা তোলাবাজির প্রসঙ্গে বক্তব্য পেশ করেছিলেন। এর জেরেই নাকি অরবিন্দ সাওয়ান্তের হুমকির সম্মুখীন হন তিনি।

নবনীতকে হুমকির চিঠি শিবসেনার
এদিন নবনীত আরও অভিযোগ করেন, এর আগেও তিনি শিবসেনা থেকে বিভিন্ন হুমকির চিঠি পেয়েছেন। তিনি অভিযোগ করেন যে শিবসেনার হুমকি চিঠিতে লেখা ছিল, 'আপনি আপনার যেই সুন্দর মুখটি নিয়ে গর্বিত, আমরা তাতে অ্যাসিড ফেলে দেব। এরপর আপনি আর কোথাও যেতে পারবেন না। আর কোনওদিন উদ্ধব ঠাকরেকে নিয়ে যেন আপনি কথা না বলেন।'












Click it and Unblock the Notifications