চূড়ান্ত ফল ঘোষণার আগেই পদত্যাগ শীলা দীক্ষিতের

ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এটা পরিষ্কার হচ্ছিল যে, দিল্লিতে আর ক্ষমতায় ফিরছে না কংগ্রেস। তাদের অবস্থা এত খারাপ যে, আমআদমি পার্টি দিল্লি বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হতে চলেছে। টানা ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকা শীলা দীক্ষিত সিদ্ধান্ত নিয়ে ফেলেন পদত্যাগের। তাঁর শুভানুধ্যায়ীরা বোঝান, আগে চূড়ান্ত ফল ঘোষণা করুক নির্বাচন কমিশন। কিন্তু, আর চেয়ার আঁকড়ে থাকতে চাননি তিনি। নিজের সরকারি বাসভবন থেকে সোজা চলে যান উপরাজ্যপাল নাজিব জংয়ের কাছে। তুলে দেন পদত্যাগপত্র। বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, "মানুষের জন্য দেড় দশক ধরে কাজ করেছি। কেন এমন ফল হল, খতিয়ে দেখতে হবে। কিন্তু, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেন। তাই মানুষের ইচ্ছাকে সম্মান জানিয়ে সরে দাঁড়ালাম।"
প্রসঙ্গত, দিল্লি অন্তত ধরে রাখার ব্যাপারে আশাবাদী ছিল কংগ্রেস। এমনভাবে দিল্লি থেকে যে সাফ হয়ে যেতে হবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবেনি কংগ্রেস নেতৃত্ব। দিল্লিতে কংগ্রেস দু'অঙ্কেও পৌঁছতে পারেনি। পরিষ্কার, রাহুল গান্ধীর 'আপিল' দিল্লির ভোটারদের মনে বিন্দুমাত্র ছাপ ফেলেনি। তার চেয়ে বরং অরবিন্দ কেজরিওয়ালকে ভরসা করেছেন সাধারণ মানুষ। কংগ্রেসের বিপর্যয়ে বিজেপি-র প্রতিক্রিয়া, এটা প্রত্যাশিত ছিল। মানুষের স্বার্থকে গুরুত্ব দেয়নি কংগ্রেস।












Click it and Unblock the Notifications