জীবনের আয়ু কমাতে আসুন দিল্লি–এনআরসিতে, রাজধানীর দূষণ নিয়ে টুইট শশীর
দিল্লির দূষণ নিয়ে টুইটারে উপহাস করলেন তিরুবন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। রাজধানীর দূষণ নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শহরকে 'গ্যাস চেম্বার’–এর সঙ্গে তুলনা করেছেন এবং সুপ্রিম কোর্ট জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই দূষণ আতঙ্কে রয়েছেন দিল্লিবাসী।

শনিবার সকাল পর্যন্ত ধোঁয়া ও কুয়াশার মিশ্রণের পুরু আস্তরণে ঢেকে ছিল দিল্লি–এনসিআর। দিল্লির বহু এলাকায় বাতাসের মান ছিল সর্বনিম্ন ৪০০ এবং ৫০০। বাসিন্দাদের শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। এরকম পরিস্থিতিতে রাজধানীর স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দিল্লিবাসীকে মাস্ক বিতরণ করা হয়েছে। এরকম অবস্থায় শশী থারুর দিল্লির দূষণের সঙ্গে সিগারেট খাওয়াকে তুলনা করে টুইট করেন। দিল্লির দূষণ নিয়ে তিনি ব্যাঙ্গাত্মক কৌতুকের মাধ্যমে টুইটে বলেন, 'আর কতদিন এভাবে সিগারেট, বিড়ি এবং সিগার খেয়ে নিজের জীবনের আয়ু কমাবে? যদি সত্যিই নিজের আয়ু কমাতে চান, তবে দিল্লি এনসিআরে আসুন।’ এই স্লোগান ব্যবহার করা হয় দিল্লি পর্যটনের ক্ষেত্রে। তবে রাজধানীর এই দূষণ নিয়ে থারুরই নয়, অনেকেই টুইট করেছেন।
প্রত্যেক বছরের মতো এ বছরও দিল্লি ঢেকেছে দূষণে। পরিস্থিতি এতটাই খারাপ যে জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সর্বত্র নির্মাণ ও বাজি ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছে এনভায়রনমেন্ট পলিউশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অথরিটি। ২০১৬ সালের পর এত খারাপ পরিস্থিতি হয়নি রাজধানীতে।












Click it and Unblock the Notifications