দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন শশী কাপুর
মুম্বই, ২৩ মার্চ : ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন বরিষ্ঠ অভিনেতা শশী কাপুর। সম্প্রতি ৭৭ বছরে পা রেখেছেন এই অভিনেতা।
একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছে শশী কাপুরকে। শশী কাপুর অভিনীত দিওয়ার, নেমক হালাল, সত্যম শিবম সুন্দরম-এর মতো একাধিক ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। জুনুন, নিউ দিল্লি টাইমস-এর মতো ছবির জন্য প্রশংসিত হয়েছেন শশী কাপুর।

১৯৯১ সালে পরিচালনার কাজে আসেন শশী কাপুর। অজুবা ছবির পরিচালনা করেন তিনি। ৩৬ চৌরঙ্গী লেন, উৎসব-এর মতো ছবি প্রযোজনাও করেছেন শশী কাপুর।
প্রখ্যাত অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে শশী কাপুর। রাজ কাপুর ও শামি কাপুরের ছোট ভাই শশী। বম্বে টকিস, জুনুন ছবির অভিনেত্রী জেনিফার কেন্ডালের সঙ্গে বিয়ে করেন শশী কাপুর। ১৯৮৪ সালে তাঁর মৃত্যু হয়। শশী ও জেনিফারের ৩ সন্তান রয়েছে। কুণাল কাপুর, করণ কাপুর এবং সঞ্জনা কাপুর।
তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন শশী কাপুর। ২০১১ সালে পদ্মভূষণ সম্মান পান শশী। এর আগে গীতিকার-পরিচালক গুলজারকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছিল।












Click it and Unblock the Notifications