Congress: আদানি ইস্যুতে কংগ্রেসের থেকে দূরত্ব বাড়াল শরদের এনসিপিও, ইন্ডিতে আর চওড়া ফাটল!
Congress: ইন্ডি জোটে আরও কোণঠাসা কংগ্রেস। আদানি ইস্যুতে (Adani Issue) প্রতিবাদের জন্য সংসদে বারবার মুলতুবি অধিবেশন (Session Adjournment)। আর তারই দায় চাপিয়ে কংগ্রেসের উপর গোসা শরিক দলগুলির। তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির পর এবার কংগ্রেসের থেকে দূরত্ব বাড়াল শরদ পাওয়ারের এনসিপিও (Sharad Pawar'S NCP)।
লোকসভায় এনিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে দেন এনসিপির শরদ গোষ্ঠীর সাংসদ আমোল কোলে। তিনি জানান, একজন শিল্পপতি ও একজন রাজনৈতিক ব্যক্তিত্বর যোগাযোগ নিয়ে এত সুর চড়িয়ে তাতেই আটকে থাকার কোনও মানে হয় না। আদানি ইস্যুতে কংগ্রেসের গতানুগতিক প্রতিবাদের জেরে বারবার স্তব্ধ হয়েছে সংসদ।

কৃষকদের সমস্যা, যুব সমাজ ও আমজনতার সঙ্গে জড়িত সমস্যা নিয়ে সংসদে সুর চড়ানো সবচেয়ে বেশি জরুরি, এমনটাই মনে করেন বলে সাফ জানান এনসিপি নেতা। ওই সমস্ত সমস্যার সমাধান করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। শুধুমাত্র রাজনৈতিক স্লোগান না দিয়ে জনসাধারণের সমস্যা নিয়ে আলোচনা বিতর্ক প্রয়োজন বলে মত শিরুর আসনের সাংসদ কোলের।
ডিসেম্বরের শুরুতে শীতকালীন অধিবেশনের শুরু থেকেই সংসদের বাইরে হোক বা ভিতরে, আদানি ইস্যুতে প্রতিবাদের সুর চড়িয়েছে কংগ্রেস। এদিন কোলে আরও বলেন, সংসদে কেন্দ্রের শাসকদল ও বিরোধীদেরই উচিত আমজনতার ইস্যুর সমাধান নিশ্চিত করা। তবে একা কোলে নন, শুক্রবার দলের সাংসদের মন্তব্যে সমর্থন জানান বারামতীর সাংসদ তথা এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে।
এর আগে আদানি ইস্যুতে কংগ্রেসের গোঁড়ামি নিয়ে অসন্তোষ জানিয়েছিল তৃণমূল ও সমাজবাদী পার্টি। জনসাধারণের সমস্যা তো বটেই, লোকসভায় বাংলাদেশ ও সম্ভলের অশান্তির ঘটনা নিয়েও পর্যন্ত বলার সুযোগ পাওয়া যায়নি বলে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় ইন্ডির শরিক ওই দুই দল।
তবে জোট শরিকদের গোসার পর কিছুটা হলেও ব্যাকফুটে হাত শিবির। এখন শুরু সংসদের বাইরেই তারা প্রতিবাদ প্রদর্শন করছেন। তবে লোকসভায় বিতর্কে একাধিকবার আদানি ইস্যুই টেনে আনছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, ধর্মীয় মেরুকরণ-সহ নানা ইস্যুতে সুর চড়াতে না পেরে বেজায় চটেছেন ইন্ডি জোটের অন্যান্য শরিক নেতারা।












Click it and Unblock the Notifications