জেপিসি তদন্তে বিরোধীদের সঙ্গে আছি! হঠাৎ ভোলবদল করে মন্তব্য পাওয়ারের
Sharad Pawar On Adani Issue: হিডনবার্গ-আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে সরব কংগ্রেস সহ একাধিক বিরোধী! এই অবস্থায় কার্যত মোড় ঘুরিয়ে দেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। জেপিসি তদন্তের প্রয়োজন নেই বলেই মন্তব্য করেন তিনি। আর এহেন মন্তব্য ঘিরে রীতিমত হইচই বেঁধে যায়।
ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। এই অবস্থায় জেপিসি তদন্ত নিয়ে ফের একবার অবস্থান বদল করলেন এনসিপি প্রধান। এক সংবাদমাধ্যমে তাঁর দাবি, জোটের শরিকরা যদি জেপিসিকে প্রয়োজনীয় মনে করে তাহলে এর বিরোধিতা করব না। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সোমবারই জাতীয় দলের মর্যাদা হারিয়েছে এনসিপি। আর এরপরেই কি লড়াইয়ের ময়দানে হাঁটতে অবস্থান বদলালেন পাওয়ার? উঠছে প্রশ্ন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাওয়ার বলেন, আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। ব্যক্তিগত ভাবে আমি আমার একটি বক্তব্য রেখেছিলাম। কিন্তু যদি আমার সহযোগীদের মনে হয় আদানি ইস্যুতে জেপিসি তদন্তের প্রয়োজন আছে তাহলে এই বিষয়ে আমি কোনও বিরোধ দেখাব না।
কার্যত কংগ্রেস সহ বিরোধী জোটের সঙ্গেই হাটার কথা এদিন বলেন শরদ পাওয়ার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শরদ পাওয়ার আদানি ইস্যুতে জেপিসি তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি তা প্রয়োজন নয় বলেও মন্তব্য করেন। উল্টে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গঠিত কমিটির পক্ষেই জোরাল সওয়াল করেন এনসিপি প্রধান।
যা নিয়ে প্রকাশ্যে কংগ্রেসের সংঘাতে হাঁটেন শরদ পাওয়ার। এহেন মন্তব্যের তীব্র বিরোধ দেখায় কংগ্রেস। বিজ্ঞপ্তি জারি করে তাঁরা জানায়, এহেন মন্তব্য শরদ পাওয়ার সম্পূর্ণ ব্যক্তিগত। কিন্তু দল জেপিসি তদন্তে অনড় রয়েছে।

বিশেষ করে কংগ্রেস তথা রাহুল গান্ধী যখন বারবার জেপিসির দাবিতে সরব হয়েছেন, তখন শরদ পাওয়ারের এই দাবি বিরোধীদের রীতিমত অস্বস্তিতে ফেলে দেয়। যদিও পরে অস্বস্তি ঢাকতে জেপিসি তদন্তের দাবিতে অন্তত ১৯ টি বিরোধী দল একযোগে ময়দানে নামার কথাও বলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এমনকি এই ইস্যুকে সামনে রেখে আগামিদিনে ভোটের ময়দানেও কংগ্রেস নামতে পারে বলে মনে করা হচ্ছে।
এই অবস্থায় নিজের অবস্থান থেকে সরে এলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। যদিও এই বিষয়ে কংগ্রেসের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে পাওয়ারকে আক্রমণ শানিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications