'ধর্মের নামে হত্যা, মানবতার চরম অপমান,' ধর্মীয় বিভেদ ভুলে ঐক্যের ডাক শাহী ইমামের
পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামা মসজিদের শাহী ইমাম। শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী শুক্রবার এই হামলাকে ইসলাম ও মানবতার বিরুদ্ধে একটি জঘন্য আক্রমণ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে শাহী ইমাম বলেন, "নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া এমন একটি পাপ, যা আল্লাহর ক্রোধকে ডেকে আনে।" এদিন তিনি পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি তুলে ধরেন। যেখানে বলা হয়েছে, "একজন মানুষকে হত্যা করা সমগ্র মানবতাকে হত্যার সমান, এবং একজনকে বাঁচানো সমগ্র মানবতাকে বাঁচানোর সমান।"
২২শে এপ্রিল ভয়াবহ পহেলগাঁও হামলাকে তিনি 'মানবতার উপর আঘাত' বলে বর্ণনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইসলামে কাউকে হত্যা করার প্ররোচনা দেওয়াও একটি অভিশাপ এবং গুরুতর পাপ। "পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা শুধু একটি জঙ্গি হামলাই নয়, বরং এটি মানবতার উপর আঘাত। নিরীহ মানুষদের ধর্মীয় পরিচয় জেনে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তিনি আরও বলেন, ইসলামে একজন নিরীহ মানুষের জীবন নেওয়া সমগ্র মানবজাতিকে হত্যার সমান অপরাধ বলে গণ্য হয়।

"আজ বিশ্ব হিংসা, রক্তপাত, নিপীড়ন ও অত্যাচারে নিমজ্জিত। তিন দিন আগে পহেলগাঁওয়ে যে নৃশংস ঘটনা ঘটেছে, যা ভারতের বিবেক এবং আমাদের নৈতিক ঐতিহ্যকে গভীরভাবে আঘাত করেছে। এই মর্মান্তিক ঘটনা আমাদের সকলের হৃদয়ে গভীর বেদনার জন্ম দিয়েছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না," তিনি ক্ষোভের সঙ্গে বলেন।
এই হামলার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে শাহী ইমাম বলেন, "এই কঠিন সময়ে আমরা নিহতদের পরিবারের পাশে আছি। আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ করার জন্য প্রার্থনা করছি।" তিনি আরও বলেন, পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিরীহ মানুষের বেদনাদায়ক ও অমানবিক হত্যাকাণ্ড সম্ভবত বর্বরতম কাজ, যেখানে অসহায় মানুষ অকথ্য নিষ্ঠুরতার শিকার হয়েছে।
এছাড়াও তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবাদকে কোনও যুক্তিতেই সমর্থন করা যায় না। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে, তাদের কাজ সম্পূর্ণভাবে অ-ইসলামিক। "তারা কোন ইসলাম শিখেছে বা তাদের কী শেখানো হয়েছে? ধর্মীয় পরিচয় জানার জন্য মানুষকে বিবস্ত্র করা হয়েছে এবং তারা হিন্দু নিশ্চিত হওয়ার পরই সেই অসহায় ও নিরীহ মানুষগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসলামের শিক্ষা, ইতিহাস বা সংস্কৃতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই," তিনি জোর দিয়ে বলেন।
শাহী ইমামের মতে, এই ধরনের ঘৃণ্য কাজ দেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই কঠিন সময়ে হিন্দু ও মুসলিমদের বিভেদ ভুলে জাতির সম্মান, সার্বভৌমত্ব ও মর্যাদার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শাহী ইমাম।
যখনই দেশের অখণ্ডতা ও শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, শান্তিপ্রিয় ভারতীয় নাগরিকরা সর্বদা দেশের সুরক্ষায় দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে, এমনটাই স্পষ্টত বলেন তিনি। এদিন কোভিড-১৯ মহামারীর প্রসঙ্গ টেনে শাহী ইমাম বলেন, "মাঝে মাঝে আমি ভাবি, মানবতা কোথায় যাচ্ছে? মাত্র কয়েক বছর আগে, গোটা মানবজাতি কোভিড-১৯-এর মতো এক ভয়াবহ অভিশাপ সহ্য করেছে। লক্ষ লক্ষ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।
অনেকের শেষকৃত্যও ঠিকমতো হয়নি। এমনকী মৃতদেহ সৎকারের জন্যেও লোক পাওয়া যায়নি। মানবতা সেই ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে গেছে। এক ঐশ্বরিক পরীক্ষা, তবুও বিশ্ব কোনও শিক্ষা নিতে পারেনি।"
তাঁর বক্তব্য, আমরা সেই পরিস্থিতি থেকে কোনও শিক্ষা নিইনি, কোনও সতর্কতা অবলম্বন করিনি। আর এখন, আবারও বিশ্ব সংঘাত ও রক্তপাতের কবলে পড়েছে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই এবং এর একমাত্র লক্ষ্য হলো সমাজে বিভেদ সৃষ্টি করা। আমাদের সকলকে একসঙ্গে থেকে এই অপশক্তির মোকাবিলা করতে হবে।
পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলা ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে এর কঠোর নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি বহু মানুষের উদ্বেগও বেড়েছে। এরই মধ্যে শাহী ইমামের এই বিবৃতি সেই নিন্দারই প্রতিধ্বনি বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications