বুরারির ছায়া এবার মধ্যপ্রদেশে! ঝুলন্ত অবস্থায় উদ্ধার কৃষক, তাঁর স্ত্রী ও তিন সন্তানের দেহ
বুরারির ছায়া মধ্যপ্রদেশে। এদিন মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার একটি গ্রামে বছর সাতাশের এক কৃষক, তাঁর পঁচিশ বছর বয়সী স্ত্রী এবং তিন সন্তানের দেহ উদ্ধার করা হয়েছে। তিন সন্তানের বয়স যথাক্রমে নয়, সাত ও পাঁচ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাকেশ দোদওয়া, তাঁর স্ত্রী ললিতা দোদওয়া এবং তাদের তিন সন্তান প্রকাশ (৭) ও অক্ষয় (৫)-এর দেহ মাটির ঘরের ছাদ থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁদের মেয়ে লক্ষ্মীর(৯) দেহ ওই বাড়ির মেঝেতে পড়ে থাকতে দেখা গিয়েছে।

কী বলছে পুলিশ
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যার। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সকাল ৯.২০ নাগাদ সোন্ডওয়া তহসিলের রাবদি গ্রামে পাঁচজনের দেহ পাওয়া যায়। এই ঘটনার তদন্তে আলিরাজপুর সাব ডিভিশনের এসডিপিও-র নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে অনুমান, রবিবার সন্ধে সাতটা থেকে সোমবার সকাল ছটার মধ্যে ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, রাকেশ দোদওয়া একজন কৃষক। তবে গুজরাতে তিনি রাজমিস্ত্রির কাজও করতেন। দেহ উদ্ধারের পরে সেখানে যায় ডগ স্কোয়াড। ফরেনসিক দলর সেখানে গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পোস্টমর্টেমের সময় ভিডিওগ্রাফি করা হবে।
কী হয়েছিল বুরারিতে
উল্লেখ্য ২০১৮-র পয়লা জুলাই, দিল্লির বুরারিতে একটি পরিবারের দশ সদস্যকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। যেখানে পরিবারের প্রধান নারায়ণ দেবীর দেহ পড়েছিল ঘরের মেঝেয়। পরিবারের পোষা কুকুরটি একমাত্র বেঁচে ছিল।












Click it and Unblock the Notifications