বসন্তে বৃষ্টির ভ্রূকুটি, আগামী দু'দিনে ভিজবে মুম্বই সহ একাধিক রাজ্য, জারি হলুদ সতর্কতা
বসন্তে বৃষ্টির ভ্রূকুটি, আগামী দু'দিনে ভিজবে মুম্বই সহ একাধিক রাজ্য, জারি হলুদ সতর্কতা
'রিমঝিম ঘন ঘন রে বরষে!' ক্যালেন্ডার অনুযায়ী তো সবে মাঘ কাটিয়ে ফাল্গুন, এখন তো আকাশে বাতাসে বসন্তের গন্ধ, ঋতুরাজের সুর আর পলাশ, আবিরের রঙ হওয়া উচিৎ, তাহলে খামকা এই অসময়ে বৃষ্টির গান কেন? কারণ টা অবশ্য এতটা হালকা নয়। এবার কাব্য ছেড়ে বাস্তবে আসা যাক। এই ভরা বসন্তেই কালো মেঘের ভ্রূকুটি বাণিজ্য নগরীর আকাশে। এমনটাই জানাচ্ছে ভারতের জাতীয় আবহাওয়া বিভাগ ইন্ডিয়ান মেট্রোলজিকাল ডিপার্টমেন্ট বা 'আইএমডি'। কী বলছে আবহাওয়ার খবর, দেখে নেওয়া যাক।

বাণিজ্যে বসতে বৃষ্টি!
মহারাষ্ট্রের রাজধানী মুম্বই ভারতের 'বাণিজ্য নগরী' হিসেবে পরিচিত। কিন্তু এই শহরেই দেশে সবথেকে বেশি বন্যা হয়ে থাকে, এই রেকর্ডও রয়েছে। এতদূর তাও ঠিক ছিল। কিন্তু এবার বাণিজ্য নগরী মুম্বইতে অসময়ের বৃষ্টিও শুরু হতে চলেছে, অন্তত এমনটাই পূর্বাভাস জারি করেছে 'মৌসম ভবন'। পাশাপাশি মুম্বাই-ভিত্তিক আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র 'আরএমসি'র পূর্বাভাস অনুযায়ী, ওই মহানগরের পালঘর, থানে, রায়গড় এবং রত্নাগিরিতে আগামী দুই দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে দমকা ঝড় হতে পারে বলে জানানো হয়েছে।

জারি হলুদ সতর্কতা
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দুই দিন, অর্থাৎ চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার মুম্বাইয়ে হালকা বৃষ্টি ও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ইন্ডিয়ান মেট্রোলজিকাল ডিপার্টমেন্ট বজ্রঝড়ের পূর্বাভাস দিয়ে আগামী দুই দিনের জন্য মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রের জন্য 'হলুদ' সতর্কতা জারি করেছে। আর মঙ্গলবার টুইট করে এই কথা জানিয়েছে 'আইএমডি'।

কোঙ্কন উপকূলে নিম্নচাপ
ন্যাশনাল ওয়েদার ফোরকাস্টিং সেন্টার মঙ্গলবার আবহাওয়া সংক্রান্ত বুলেটিনে জানিয়েছে, বসন্তকালীন হালকা শিতল বাতাসের সঙ্গে উষ্ণ পশ্চিমা বায়ুর মিলন এবং পূর্বাঞ্চলে একটি ঘূর্ণাবর্ত কেরালা উপকূল থেকে দক্ষিণ-পূর্ব আরব সাগর পর্যন্ত নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে অবস্থান করছে। আর এরফলে পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশ অঞ্চল, অর্থাৎ কোঙ্কন উপকূলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি করেছে। আর যার ফলেই আগামী দুই দিন পশ্চিম ও দক্ষিণ ভারতের একাধিক স্থানের পাশাপাশি মধ্য ভারতে বিন্ধ্য পর্বতমালায় জলীয়বাষ্প পূর্ণ ঘনীভূত মেঘ ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটাবে।

মধ্য ও পশ্চিম ভারতে বৃষ্টি
কোঙ্কন উপকূলে সৃষ্ট হওয়া নিম্নচাপ ৮ থেকে ১০ মার্চের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত ঘটাতে চলেছে। এছাড়াও ৮ এবং ৯ মার্চ উত্তর মধ্য মহারাষ্ট্রে সংলগ্ন মারাঠওয়াড়ায় বিচ্ছিন্ন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে কেরালা এবং মাহেতে এবং মালাবার উপকূলীয় অঞ্চল ও দক্ষিণ কর্ণাটকে আগামী তিন দিনের মধ্যে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।












Click it and Unblock the Notifications