রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতে ভয়াবহ বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা! পরিস্থিতি ২০২১-এর অক্টোবরের মতো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতে ভয়াবহ বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা! পরিস্থিতি ২০২১-এর অক্টোবরের মতো
সামনের কয়েক সপ্তাহের মধ্যে দেশের কয়েকটি রাজ্য বিদ্যুতের (Electricity) জন্য কয়লার (Coal) অভাবের মধ্যে পড়তে চলেছে। যার জেরে গ্রীষ্মের চাহিদা সামলাতে গিয়ে রাজ্যগুলি বিদ্যুৎ সংকটের মধ্যে পড়তে পারে। এস অ্যান্ড পি গ্লোবাল কমোডিটি ইনসাইটের তরফে সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহৃত কয়লার আমদানির খরচ বেড়ে যাওয়ায় কয়লা সরবরাহ কম হচ্ছে। সেই কারণে এই পরিস্থিতি।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম বৃদ্ধি পয়েছে। এছাড়াও সরবরাহ প্রক্রিয়াতেও প্রভাব পড়েছে যুদ্ধের। রাশিয়ার কয়লার ওপরে নিষেধাজ্ঞার জেরে ইউরোপেও অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের মতো মূল্য-সংবেদনশীল বাজারের বাইরেই রয়ে গিয়েছে আমদানি করা কয়লা।

দিনে দিনে বাড়ছে ঘাটতি
দিনে দিনে এই ঘাটতি বাড়ছে। ৭ এপ্রিল নাগাদ এই ঘাটতির পরিমাণ ছিল ৮০.০৮ মিলিয়ন ইউনিট। যা বাজারের অংশীদারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞ বলছেন, বর্তমান পরিস্থিতি ২০২১-এর অক্টোবরের মধ্যবর্তী সময়ের মতো হয়ে গিয়েছে। যেই সময় ভারতে তীব্র বিদ্যুৎ সংকট তৈরি হয়েছিল। দেশের ১১৫ টি তাপবিদ্যুৎ কেন্দ্রে সঞ্চিত কয়লার পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল।

বিভিন্ন রাজ্যে কমেছে বিদ্যুৎ সরবরাহ
৩১ মার্চ এক বিজ্ঞপ্তি জারি করেছে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অস্থায়ীভাবে সেখানে কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অন্য রাজ্যগুলিতে ইতিমধ্যেই রেকর্ড বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছে। ১০ এপ্রিল মধ্যপ্রদেশে ৯.৬৭ MU, জম্মু-কাশ্মীর-লাদাখে ৪.৬৫ MU, পঞ্জাবে ৪.৫ MU, হরিয়ানায় ৪.৩৯ MU এবং ঝাড়খণ্ডে ২.২৯ MU বিদ্যুৎ ঘাটতি রেকর্ড করা হয়েছে।

ভারতকে আমদানি বাড়াতে হবে
এস অ্যান্ড পি গ্লোবাল কমোডিটি ইনসাইটের তরফে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্বের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। যার জন্য কয়লা আমদানির খরচ বেড়েছে। আর ভারতে এই গ্রীষ্মে বিদ্যুতের চাহিগা মেটাতে গেলে তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা আমদানি বাড়াতে হবে।

কোল ইন্ডিয়ার কয়লা উৎপাদন কম
এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুায়ী, ভারতের রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদনকারী সংস্থা কোল ইন্ডিয়া ২৮ মার্চ বলেছে, ১ এপ্রিল নাগাদ তাদের কয়লা মজুত ৬০ মিলিয়ন টন হয়ে যাবে। তবে তা আগের বছরের এই সময়ের তুলনায় ৩৯.৩৯% কম। অন্যদিকে ২৮ মার্চেক নিরিখে দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে মজুত কয়লার পরিমাণ এখন ২৫.৫ মিলিয়ন মেট্রিক টন। যা আগের বছরের তুলনা ১২.৯৬% কম।












Click it and Unblock the Notifications