একের পর এক স্কুলে বোমাতঙ্ক! তদন্তে নেমেছে দিল্লি পুলিশ, শুরু তল্লাশি, ইমেলে হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে
আজ সকাল থেকেই দিল্লিতে ছড়িয়ে পড়েছে বোমাতঙ্ক। শহরের অন্তত ১০টি স্কুলে বোমা রয়েছে বলে এক ইমেলের মাধ্যমে হুমকি পৌঁছেছে বলে জানা গিয়েছে। ইমেলগুলিতে সংসদ ভবনের নাম উল্লেখ থাকার কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

খবরটি পাওয়ার পরেই সংশ্লিষ্ট স্কুলগুলিতে তৎপরতা শুরু হয়ে যায়। পুলিশ, দমকল বাহিনী এবং বম্ব স্কোয়াড পৌঁছে সেখানে জোরকদমে তল্লাশি চালায়। নিরাপত্তার কারণে বেশ কয়েকটি স্কুল চত্বর একদম ফাঁকা করে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক ভাবে সেখানে কিছু পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্য অনুসারে, হুমকির সেই ইমেলগুলিতে খলিস্তানপন্থী বক্তব্য লেখা ছিল। ইমেলের প্রেরকের নাম হিসেবে 'খলিস্তান ন্যাশনাল আর্মি' বলে উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে যে, সেখানে কাশ্মীরি জঙ্গি আফজল গুরুর নামও ছিল। একটি ইমেলে আবার নির্দিষ্ট সময় উল্লেখ করে স্কুল এবং সংসদে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
যদিও কে অথবা কারা এরকম ধরণের ইমেল পাঠিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, আগেও একবার দিল্লির স্কুল এবং আদালতে একাধিকবার এ ধরনের ভুয়ো বোমাতঙ্কের হুমকি ছড়ানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই যদিও পরে কিছু পাওয়া যায়নি, তবে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে এই হুমকিকে হালকাভাবে নিতে নারাজ প্রশাসন।












Click it and Unblock the Notifications