কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ফের মহার্ঘভাতা বৃদ্ধি! অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা
কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং পেনশনভোগীদের (Pensioner) ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন প্রায় এককোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা দিতে সরকারের বাড়তি খরচ হবে ১২৮১৫ কোটি টাকা।

৪ % ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়ানো হয়েছে। ফলে ৩৮ শতাংশ থেকে মহার্ঘভাতা বৃদ্ধি পেয়ে হয়ছে ৪২ শতাংশ। সাধারণভাবে মূল্যবৃদ্ধির জন্য ক্ষতিপূরণ হিসেবে মহার্ঘভাতা দেওয়া হয়। সর্বশেষ ভোক্তা মূল্যসূচক বা সিপিআইডব্লুর ওপর ভিত্তি করে এর গণনা করা হয়। কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ বৃদ্ধি করে থাকে।

কার্যকর কবে থেকে
সরকার জানিয়েছে, মহার্ঘভাতা বৃদ্ধি কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৩ থেকে। এর ফলে সারা দেশে প্রায় ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশের ওপরে ভিত্তি করে স্বীকৃত ফর্মুলা অনুসারে কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে।

শেষবার ডিএ বৃদ্ধি হয়েছিল সেপ্টেম্বরে
শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছিল ২০২২-এর সেপ্টেম্বরের শেষে। যা কার্যকর করা হয়েছিল ২০২২-এর ১ জুলাই থেকে। সেই সময়ও ডিএ ৩৪ শতাংশ থেকে ৪ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছিল। হিসেব মতো মার্চে ফের ডিএ ঘোষণা হওয়ার কথা ছিল। সেই মতো এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ-র অনুমোদন দেওয়া হল।

কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও যেসব সিদ্ধান্ত
একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডারে ভর্তুকি ১ বছরের জন্য ২০০ টাকা করে বাড়িয়েছে। এর ফলে ১.৬ কোটি পরিবার উপকৃত হবেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে পাটের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল পিছু ৩০০ টাকা বৃদ্ধি করে ৫০৫০ টাকা করেছে।












Click it and Unblock the Notifications