Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পানীয় জলে বিষক্রিয়া! পুরসভার জল খেয়ে মৃত্যু সাত জনের, গুরুতর অসুস্থ শতাধিক

পুরসভার সরবরাহ করা পানীয় জলই হয়ে উঠল মৃত্যুর কারণ! মধ্যপ্রদেশের ইনদওরে ঘটে গেল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। গত কয়েক দিনের মধ্যে দূষিত জল পান করার পর অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। একাধিক বাসিন্দার মৃত্যুও হয়েছে। সরকারি হিসাবে যেখানে তিন জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, সেখানে স্থানীয় বাসিন্দা এবং মেয়র দাবি করেছেন যে, মৃতের সংখ্যা অন্তত সাত থেকে আটজন।

ইনদওরের ভগীরথপুরা এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। মূলত এখান থেকেই অসুস্থতার খবর আসতে শুরু করে। পেটের সমস্যা থেকে শুরু করে বমি, শরীর ভেঙে পড়ার মতো নানারকমের উপসর্গ নিয়ে একের পর এক মানুষ হাসপাতালে ভর্তি হতে থাকেন। বর্তমানে শতাধিক মানুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কীভাবে জল দূষিত হল?

পুরসভার তরফ থেকে এখনও চূড়ান্ত ভাবে দূষণের সেরকম কোনও কারণ জানানো না হলেও, সামনে এসেছে একটি প্রাথমিক রিপোর্ট। পুর কমিশনার দিলীপ কুমার যাদবের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ভগীরথপুরা এলাকায় পুরসভার পানীয় জলের মূল পাইপলাইনে ফাটল ধরা পড়েছিল। আর ওই পাইপলাইনের ঠিক উপরেই একটি শৌচাগার তৈরি করা হয়েছিল। অনুমান করা হচ্ছে যে, সেখান থেকেই নোংরা জল মিশে গিয়ে পানীয় জল বিষাক্ত হয়ে উঠেছে।

আগেই অভিযোগ করেছিলেন এলাকাবাসী

এলাকার কাউন্সিলর কমল বঘেলা জানান যে, ২৫ ডিসেম্বর থেকেই বাসিন্দারা জল নিয়ে অভিযোগ জানাতে শুরু করেছিলেন। তাঁদের দাবি ছিল যে, পুরসভার জলে অস্বাভাবিক দুর্গন্ধ রয়েছে। অনেকেই আবার সেই জল পান করার পর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেছে যে, বারবার জানানোর পরেও পুর কর্তৃপক্ষ তখন কোনও ব্যবস্থা নেয়নি।

ভগীরথপুরা এলাকায় মোট ২,৭০৩টি বাড়িতে প্রায় ১২ হাজার মানুষ বসবাস করেন। স্বাস্থ্য দফতরের সূত্র অনুসারে, এই ঘটনায় তাঁদের মধ্যে প্রায় ১,১৪৬ জনের শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে। ১১১ জনের অবস্থা তুলনামূলক ভাবে গুরুতর হওয়ার কারণে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ১৪ জন চিকিৎসার পর বাড়ি ফিরে এসেছেন।

প্রশাসনের অস্বস্তি, শুরু তদন্ত

এই ঘটনাকে ঘিরে রাজ্য প্রশাসন তীব্র চাপের মধ্যে পড়েছে। বিজেপি সরকার তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। ইতিমধ্যেই এরকম গাফিলতির অভিযোগে একাধিক আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনদওর পুরসভার এক জোনাল অফিসার এবং এক সহকারী ইঞ্জিনিয়ারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এক সাব-ইঞ্জিনিয়ারকেও বরখাস্ত করা হয়েছে।

মেয়রের স্বীকারোক্তি

বুধবার ইনদওরের মেয়র পুষ্যমিত্র ভার্গব বলেন যে, "সরকারি ভাবে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও, আমরা আরও চার জনের মৃত্যুর খবর পেয়েছি।" তিনি জানান যে, "এই ঘটনার দায় কোনোভাবেই এড়ানো যাবে না। যাঁদের গাফিলতির কারণে এরকম ঘটনা ঘটেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যক্তি যত বড় আধিকারিকই হোন না কেন।"

ক্ষতিপূরণ ঘোষণা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেইসঙ্গে জানানো হয়েছে যে, অসুস্থদের চিকিৎসার জন্য সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে।

পুরসভার পানীয় জল নিয়ে এরকম ভয়াবহ ঘটনা ঘটার পর ইনদওরের জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষেরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+