মোদীর জন্মদিন উপলক্ষ্যে 'সেবা ও সমর্পণ' অভিযান, ৩ সপ্তাহব্যাপী বিশাল কর্মযজ্ঞের আয়োজন বিজেপির
মোদীর জন্মদিন উপলক্ষ্যে 'সেবা ও সমর্পণ' অভিযান, ৩ সপ্তাহব্যাপী বিশাল কর্মযজ্ঞের আয়োজন বিজেপির
চলতি মাসেই রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন। আর সেই উপলক্ষ্যে এখন থেকেই সাজ সাজ রব গেরুয়া শিবিরের অন্দরে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ৭১-এ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মদিন উপলক্ষ্যে তিন সপ্তাহ ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। এদিকে দীর্ঘ রাজনৈতিক জীবনে ২০ বছর ধরে প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব ভার সামলেছেন মোদী।

কী কী পরিকল্পনা নেওয়া হচ্ছে গেরুয়া শিবিরের তরফে
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। এই সমস্ত কিছুকেই স্মরণীয় করতে রাখতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে পদ্ম ভক্তরা। সূত্রের খবর, এই তিন সপ্তাহের আড়ম্বরপূর্ণ জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে ১৪ কোটি মানুষকে মোদীর ছবি দেওয়া খাদ্যদ্রব্য-রেশন সামগ্রীর ব্যাগ বিতরণ করা হবে বিজেপির তরফে। সেই সঙ্গে যাবে ৫ কোটি ধন্যবাদ মোদীজি লেখা পোস্টকার্ড। পাশাপাশি দেশের ৭১টি জায়গায় নদী সাফাই অভিযান কর্মসূচিও।

মোদীর জন্মদিনেই বিজেপির 'সেবা ও সমর্পণ' অভিযান
এই 'সেবা ও সমর্পণ' অভিযানের মাধ্যমে দলিত আর বঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বিজেপি। তাঁদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনেরও চেষ্টা চালানো হবে বলে জানা যাচ্ছে। একইসাথে সাধারণ মানুষের কাছে মোদী সরকারের নীতি এবং প্রকল্প পৌঁছে দেওয়ার কাজও করবে গেরুয়া স্বেচ্ছাসেবকেরা। তিন সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় চলবে মোদী-স্তুতি।

বিশেষ প্রদর্শনীর আয়োজন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁর জীবন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে। এই সমস্ত কর্মসূচির দায়িত্বই দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের ওপর ন্যস্ত করা হয়েছে। এদিকে করোনা মহামারির জেরে মৃত্যু থেকে মানসিক অবসাদ সবই বেড়েছে। টান পড়েছে রুজি-রুটিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বড় অংশের প্রান্তিক মানুষ। মোদীর জন্মদিন উপলক্ষে সেই সমব মানুষেরই পাশে দাঁড়াতে চাইছে পদ্ম সমর্থকেরা।

তৈরি হয়েছে কেন্দ্রীয় টিম
অন্যদিকে এই তিন সপ্তাহব্যাপী কর্মসূচী চলাকালীন সময়ে দুঃস্থদের জন্য দ্রুত টিকাকরণ কর্মসূচিও চালু করা হবে বলে শোনা যাচ্ছে। এদিকে এই সামগ্রিক অভিযানের জন্য বিজেপি কেন্দ্রীয় ভাবে চার সদস্যের একটি টিম বানিয়েছে। এই দলেরই প্রধানের দায়িত্বে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। এছাড়াও রয়েছে আর ডি. পুরন্দেশ্বরির, কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ সোনকর আর কিষান মোর্চার জাতীয় সভাপতি রাজকুমার চাহরও।

ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন
অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে জনসেবা সংক্রান্ত একটি অনুষ্ঠানও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। ওই অনুষ্ঠানে দেশের একাধিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে খবর। পাশাপাশি জনসেবা নিয়ে বিভিন্ন ভাষায় লেখা প্রকাশিত হবে।বিভিন্ন ভাষাভাষির মিডিয়ায় মোদী সরকারের সাফল্যের বার্তা দিতে দেখা যাবে প্রথিতযশা লেখকদের। অন্যদিকে টিকাকরণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভিডিও প্রচার করা হবে দলীয় কর্মী সমর্থকদেক তরফে।












Click it and Unblock the Notifications