দীপাবলীর আগেই সেনসেক্সের রেকর্ড উত্থান

শুক্রবার দিনের শুরুতেই স্টক এক্সচেঞ্জের সূচক পৌছয় ২১,২৯৩ অঙ্কে। যা ২০০৮ সালের রেকর্ডকেও পিছনে ফেলে দিয়েছে। অন্যদিকে ন্যশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি পার করল ৬ হাজার ৩০০ অঙ্ক, যা শতকরা হিসাবে ৫৩ শতাংশ।
এদিন সকালে বাজার খোলার পর থেকেই সূচককে বারবার ওঠানামা করতে দেখা যায়। সকাল সোয়া ন'টা নাগাদ ফ্ল্যাট নোটে খোলে শেয়ার বাজার। সেনসেক্সের দিনের শুরুই হয়েছিল ২১,২৩০ অঙ্ক দিয়ে। যা ততক্ষণে ২০০৮ সালের রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছিল। এর পরেই ৪ অঙ্ক পড়ে গিয়ে ২১,১৬০.৬৫ এ ট্রেডিং শুরু করেছিল সেনসেক্স।তখনও কেউ বুঝতে পারেননি আর কয়েক মুহূর্ত পরেই সূচকের সর্বোচ্চ উত্থানে রেকর্ড গড়বে সেনসেক্স। সকাল সাড়ে ন'টা নাগাদ বিএসই-র বেঞ্চমার্ক ইনডেক্স ০.৬১ শতাংশ অর্থাৎ ১২৯.৩৬ অঙ্ক বাড়ে। ফলে সেনসেক্স ২১,২৯৩.৮৮ তে পৌছয়। যা শুধু এই বছরই নয় স্টক এক্সেচেঞ্জর ইতিহাসে রেকর্ড । উল্লেখ্য ২০০৮ সালে ১০ জানুয়ারি সেনসেক্স ছিল ২১,২০৬.৭৭ অঙ্কে। যা ছিল ধনতেরাসের আগে পর্যন্ত রেকর্ড। সে রেকর্ডকে ছাপিয়ে গেল এদিনের বাজার। বাজার বিশেষজ্ঞদের বক্তব্য, ধারাবাহিকভাবে ব্যাঙ্কিং, ধাতু, গাড়ি ও আবাসন ক্ষেত্রে অর্থ আসছে। এর ফলেই সেনসেক্স চাঙ্গা হয়ে উঠছে। ২০১২ সালের জানুয়ারি থেকে যে মন্দার প্রভাব পড়েছিল তা এবার কাটতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিন নিফটিও ৯.৪০ অঙ্ক পড়ে গিয়ে ৬,২৮৯.৭৫ থেকে কারবার শুরু করে। যা কিছুক্ষণের মধ্যেই ১৫.১০ অঙ্ক বেড়ে ৬,৩১৪.২৫ এ গিয়ে পৌছয়।
তবে এদিন ব্যাঙ্কিং ক্ষেত্রে কারবার ভাল হলেও টাইটেন, ওএনজিসি-র শেয়ারকে মার খেতে দেখা গিয়েছে। এমনকী টাকায় পতনও লক্ষ্য করা গিয়েছে। ডলারপিছু ৪২ পয়সা পড়ে টাকার মূল্য। এক ডলার হিসাবে টাকার মূল্য দাঁড়াল ৬১.৯২-এ। বৃহস্পতিবার ডলারপিছু টাকার দাম ছিল ৬১.৫০।












Click it and Unblock the Notifications