রাজস্থানে বিপদে বিজেপি! রাজেকে তোপ দেগে দলত্যাগী পাঁচবারের বিধায়ক
রাজস্থানে এবছরের শেষে বিধানসভা ভোট রয়েছে। তার আগে একেরপর এক অস্বস্তির খবর সামনে আসছে বিজেপির জন্য।
রাজস্থানে এবছরের শেষে বিধানসভা ভোট রয়েছে। তার আগে একেরপর এক অস্বস্তির খবর সামনে আসছে বিজেপির জন্য। এমনিতেই রাজস্থানের জনতা তো বটেই, সেরাজ্যে দলের নেতা-কর্মীরাও মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নেতৃত্বে খুশি নন। সেই ক্ষোভ উগরে দিয়েই রাজস্থানের সিনিয়র বিজেপি নেতা ঘনশ্যাম তিওয়ারী দল ছাড়লেন।

তিওয়ারী পাঁচবার রাজস্থান থেকে বিধায়ক হয়েছেন। রাজের বিরুদ্ধে ক্ষোভের কথা জানিয়ে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
রাজে ক্ষমতার শীর্ষে থাকলে বিজেপি আগামী ভোটে ভালো ফল করতে পারবে না। এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিওয়ারী। তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। মন্ত্রিত্ব পদও সামলেছেন। রাজেকে দলের নেতারা মানতে পারছেন না। আর তাই শীর্ষ নেতৃত্বের বদলের আর্জি জানিয়েই দল ছেড়েছেন তিনি।
গত বিধানসভা ভোটে রাজস্থানের সঙ্গানের আসন থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিওয়ারী জয়লাভ করেন। কংগ্রেস প্রার্থীকে ৬০ হাজার ভোটে তিনি হারান। ওই আসনে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে তিনি জেতেন।
প্রসঙ্গত, রাজস্থানে বারবার বসুন্ধরা রাজের নেতৃত্বে বিরুদ্ধে দলের নেতা-কর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছেন। যার ফলে বিজেপি যত ভোট এগিয়ে আসছে ততই ব্যাকফুটে চলে যাচ্ছে। এদিকে সচিন পাইলটের নেতৃত্বে কংগ্রেস ক্রমশ জমি ফিরে পাচ্ছে। দীর্ঘদিন রাজস্থানের ক্ষমতায় থাকা বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications