কর্ণাটকে 'এক্সিট পোল' এর অঙ্ক মেলাল কারা! দেখে নিন একনজরে
জন কি বাত সমীক্ষা আগের ও পরের ফলাফল মিলিয়ে দিয়েছে।
কর্ণাটক বিধানসভা ভোট ছিল গত শনিবার। সেদিন সন্ধ্যা ৬টার পরই সমস্ত স্থানীয় সংবাদমাধ্যম জানিয়ে দিয়েছিল ত্রিশঙ্কু বিধানসভার দিকে যেতে চলেছে কর্ণাটক। একমাত্র চাণক্যর সমীক্ষায় বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়েছিল যা মেলেনি। তবে জন কি বাত সমীক্ষা আগের ও পরের ফলাফল মিলিয়ে দিয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক কোন সমীক্ষা কী বলেছিল
টাইমস নাও-ভিএমআর সমীক্ষায় বলা হয়েছিল, কর্ণাটকে কংগ্রেস পেতে পারে ৯০ থেকে ১০৩টি আসন। এদিকে বিজেপি পেতে পারে ৮০-৯৩টি আসন। জেডিএস পেতে পারে সম্ভাব্য ৩১-৩৯টি আসন। অন্যান্যদের ভাগ্যে যেতে পারে ২-৪টি আসন।
ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস গ্রুপের বুথ ফেরত সমীক্ষায় বলা হয়, কর্ণাটকে গরিষ্ঠতা পাবে কংগ্রেস। তারা পেতে পারে ১০৬ থেকে ১১৮টি আসন। অন্যদিকে, বিজেপি পেতে পারে ৭৯ থেকে ৯২টি আসন। জেডিএস পেতে পারে ২২ থেকে ৩০টি আসন। অন্যরা পেতে পারে ১ থেকে ৪টি আসন।

ইন্ডিয়া টিভি বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল, কর্ণাটকে গরিষ্ঠতা পাবে কংগ্রেস। তারা পেতে পারে ৯৭ টি আসন। অন্যদিকে, বিজেপি পেতে পারে ৮৭ টি আসন। জেডিএস পেতে পারে ৩৫ টি আসন।
এবিপি- সি ভোটার সমীক্ষা বলছিল, বিএস ইয়েদুরাপ্পার বিজেপি সবচেয়ে বেশি ১০৭টি আসন পাবে। সিদ্দারামাইয়ার কংগ্রেস পেতে পাবে ৮৮টি আসন। এছাড়া কুমারস্বামীর জেডিএস পেতে পারে ২৫টি আসন। অন্যান্যরা ৪টি মতো আসন পেতে পারে।
নিউজ এক্স-সিএনএক্স সমীক্ষায় দেখানো হয়েছিল, বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি ১০২ থেকে ১১০টির মতো আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস ৭২ থেকে ৭৮টি আসন পেতে পারে। এছাড়া জেডিএস পেতে পারে ৩৫-৩৯টি আসন।
বিজেপিকে দেওয়া হয় কমবেশি ১২০টি আসন। অতএব বিজেপি সরকার গঠন করতে পারবে বলে চাণক্য-র সমীক্ষা মনে করছে। এদিকে কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭৩টি আসন। পাশাপাশি জেডিএসকে দেওয়া হয়েছে ২৬টি আসন। এছাড়া চাণক্য-র সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা ৩টি আসন পেতে পারে।
তবে একমাত্র সমীক্ষা মিলিয়ে দিয়েছে রিপাবলিক টিভি-জন কি বাত। বলা হয়েছিল, বিজেপি আগের বারের ৪০টি আসন থেকে বেড়ে ৯৫-১১৪টি আসনের মধ্যে পাবে। এদিকে কংগ্রেস আগের বারের ১২২টি আসন থেকে কমে ৭৩-৮২টি আসনের মধ্যে নেমে আসবে। অন্যদিকে জেডিএস পেতে পারে ৩২-৪৩টি আসন। অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ২-৩টি আসন।
ভোটের ফল বেরোনোর পর দেখা গেল ঠিক সেটাই হয়েছে। বিজেপি-কংগ্রেস-জেডিএস সমীক্ষায় দেখানো আসনের মধ্যেই পেয়েছে। ফলে একমাত্র একটি সংস্থা ও সংবাদমাধ্যমই ফল মিলিয়ে দিতে পেরেছে।












Click it and Unblock the Notifications