অবৈধ অভিবাসীদের দ্বিতীয় বিমানে অমৃতসরে পাঠাল আমেরিকা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপির
Indian Immigrants Land In Amritsar From US: দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠাল আমেরিকা। ১১৯ জনকে নিয়ে এদিন রাতে অমৃতসর বিমানবন্দরে পৌঁছল বিশেষ বিমান।
আমেরিকার সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের পাঠানো হয়েছে। সি-১৭ মিলিটারি এয়ারক্রাফটে পাঞ্জাবের ৬৭, হরিয়ানার ৩৩ ও গুজরাচের ৮ জন রয়েছেন।

এ ছাড়়াও উত্তরপ্রদেশের ৩ জন, রাজস্থান, গোয়া ও মধ্যপ্রদেশের ২ জন করে এবং জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশের ১ জন করে রয়েছেন। সমস্ত অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানোর জন্য এই প্রক্রিয়া আরও কয়েক দফায় চলবে বলে জানা গিয়েছে।
গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমনই ১০৪ জন অবৈধ অভিবাসীকে পাঠানো হয়েছিল। সেবারও অমৃতসরেই এসে নেমেছিল মার্কিন সামরিক বিমান। তারপর প্রত্যেককে নিজেদের রাজ্যে পাঠানোর বন্দোবস্ত করা হয়। এবারও তেমনটাই হবে।
সম্প্রতি আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জানিয়েছিলেন, অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরানো হবে। এঁরা সাধারণ পরিবার থেকে এসেছেন। এমনকী মানব পাচারকারীদের খপ্পরেও পড়েছেন অনেকে।
মোদী বলেছিলেন, এই মানুষজনের মধ্যে অনেককে বড় স্বপ্নের প্রলোভন দেখানো হয়েছে। তাঁদের বিপথে চালিত করে আমেরিকায় পাঠানো হয়েছে। মানব পাচারের সিস্টেমে আঘাত হানতে হবে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে এই ইকোসিস্টেম সমূলে উৎপাটিত করতে পারবে। এ ক্ষেত্রে ট্রাম্পের সহযোগিতাও প্রার্থনা করেন মোদী।
যদিও যেভাবে এই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, যেভাবে হাত বেঁধে বা শরীরের শিকল দিয়ে বেঁধে বিমানে তোলা হয়েছে সেই ছবি ও ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অপরাধী না হয়েও যাঁরা বিপাকে পড়েছেন তাঁদের প্রতি এমন আচরণ অমানবিক বলেও উল্লেখ করেছেন অনেকে।
অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে সম্মানজনক আচরণ করা হয় সেজন্য মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস সংসদে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরই মধ্যে অমৃতসরে অবৈধ অভিবাসীদের বিমান আসায় অসন্তোষ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
মানের বক্তব্যের পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু বলেন, সব বিষয়ে রাজনীতি করা উচিত নয়। উত্তরপ্রদেশ, গুজরাতের মানুষজনকে অমৃতসরে নামালে অসুবিধার কী? তাঁদের পাঞ্জাবে স্বাগত জানিয়ে আমরা বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য। তাঁরা সব সময় দেশকে ভাগ করতে চান। টুকরে টুকরে গ্যাংয়ের এজেন্টরা পাঞ্জাবে থেকে অবৈধ দোকানপাট চালাচ্ছে বলেও কটাক্ষ বিট্টুর।












Click it and Unblock the Notifications