আদানি-হিন্ডেনবার্গ মামলায় সেবির তদন্ত, আরও ৬ মাস সময়সীমা বাড়ানোর আবেদন
আদানি-হিন্ডেনবার্গ মামলায় সেবিকে তদন্তভার দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময়সীমা বাড়ানোর আবেদন জানাল সেবি। সেবিকে মার্চ মাসে আদানি-হিন্ডেনবার্গ মামলার তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি এখন তদন্ত শেষ করার জন্য সময় চেয়েছে।
হিন্ডেনবার্গ রিসার্চ দ্বারা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে করা অভিযোগের তদন্তভার সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার উপর দিয়েছিল সুপ্রিম কোর্ট। শনিবার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি সুপ্রিম কোর্টে তার আবেদন দাখিল করে এবং তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় চায়।

সেবি এদিন সুপ্রিম কোর্টে আবেদনে জানিয়েছে, তারা ইতিমধ্যে বিশেষজ্ঞ কমিটির কাছে প্রাথমিক ফলাফল জমা দিয়েছে। কিন্তু তদন্ত সম্পূর্ণ করতে আরও সময় লাগবে বলেই তাদের দাবি। সেবি সেই মর্মে কী কী লঙ্ঘন হয়েছিল তার একটা তালিকা তৈরি করেছে। সেই তালিকা পেশ করেই তদন্ত শেষ করার জন্য আরও সময় লাগবে।
যে সমস্ত লঙ্ঘনগুলি তালিকাভুক্ত
- রিলেটেড পার্টি লেনদেন ডিসক্লোজার সম্পর্কিত সম্ভাব্য লঙ্ঘন
- কর্পোরেট গভর্নেন্স সম্পর্কিত বিষয়ে সম্ভাব্য লঙ্ঘন
- ন্যূনতম পাবলিক শেয়ারহোল্ডিং বা এমপিএস নিয়মের সম্ভাব্য লঙ্ঘন
- সম্ভাব্য শেয়ার মূল্যের হেরফের
- এফপিআই প্রবিধানের সম্ভাব্য লঙ্ঘন
- ওডিআই নিয়মের সম্ভাব্য লঙ্ঘন
- ইনসাইডার ট্রেডিং রেগুলেশন বা এফইউটিপি রেগুলেশনের সম্ভাব্য লঙ্ঘন
- সংক্ষিপ্ত বিক্রয়ের নিয়মের সম্ভাব্য লঙ্ঘন

আদানি কোম্পানি-সহ সহায়ক সংস্থাগুলি এইসব বিষয়গলি লঙ্ঘন করেছে বলে সেবির স্ক্যানারে উঠে এসেছে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি পাওয়ার লিমিটেড, আদানি ট্রান্সমিশন লিমিটেড, আদানি গ্রিন এনার্জি লিমিটেড, আদানি পোর্টস ও তাদের অন্যান্য সংস্থা বিষয়ক নথি এবং তথ্য জমা দিতে বলা হয়েছে।
সেবি জানিয়েছে, "বিষয়টির জটিলতার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক নিয়মে এই লেনদেনের তদন্ত শেষ করতে কমপক্ষে ১৫ মাস সময় লেগে যেতে চায়। কিন্তু তারা ছয় মাসের মধ্যে এটি শেষ করার জন্য সমস্তরকমভাবে প্রচেষ্টা করছে।"

হিন্ডেনবার্গ রিসার্চের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে ভারতের শিল্পপতি গৌতম আদানির নেতৃত্বাধীন ব্যবসায়িক সংগঠনের বিরুদ্ধে লেনদেনে জালিয়াতি ও শেয়ার-মূল্যের কারসাজির অভিযোগ করা হয়েছে। তারপরই আদানি গ্রুপের স্টকগুলি শেয়ারবাজারে মার খায়
আদানি গ্রুপ অভিযোগগুলিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে সমস্ত আইন মেনে তারা চলেছেন, কোনো কারচুপি তারা করেনি। এরপর ২ মার্চ সুপ্রিম কোর্ট বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে আদানি-হিন্ডেনবার্গ মামলায় তদন্ত শেষ করতে এবং দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। সেবি এখন বলছে আদানি-হিন্ডেনবার্গ দ্বন্দ্বের তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় লাগবে।












Click it and Unblock the Notifications