স্বাধীনতা দিবস উদযাপনের আগে বিভিন্ন জায়গায় তল্লাশি! মণিপুরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা
মণিপুর সংঘর্ষ-বিধ্বস্ত। একদিন পরেই স্বাধীনতা দিবস। সেই কারণে স্বাধীনতা দিবসকে সামনে রেখে মণিপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইম্ফল উপত্যকার বেশ কিছু নিষিদ্ধ সংগঠন স্বাধীনতা দিবসে ধর্মঘটের ডাক দেওয়ার পরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা বাহিনী পাঁচটি জেলার উত্তেজনাপ্রবণ এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এই পাঁচটি জেলা হল ইম্ফল-পূর্ব, ইম্ফল-পশ্চিম, থৌবাল, বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১২ টি অস্ত্র, ছটি গোলাবারুদ ও আটটি বিস্ফোরক।

অন্যদিকে রাজ্য জুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলেছে জোর কদমে। বিএসএফ, পুলিশের পাশাপাশি অসম রাইফেলসের কর্মী এবং ছাত্রছাত্রীরা মার্চ পাস্টের রিহার্সালে অংশ নিয়েছেন।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন শনিবার চুরাচাঁদপুর জেলার তুইবাউং এলাকায় পিস গ্রাউন্ডে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানের মহড়া হয়। সেখানে বিএসএফ, পুলিশ, অসম রাইফেলস ও ছাত্রদের ২১ টি দল কুচকাওয়াজে অংশ গ্রহণ করে।

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অস্থায়ী গেট এবং হোর্ডিং দেওয়ার প্রস্তুতি চলেছে রাজধানী ইম্ফলে। বেশ কয়েকটি জঙ্গি সংগঠন স্বাধীনতা দিবসে ধর্মঘটের ডাক দেওয়ার পরেও নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।
সমন্বয় কমিটির (করকম) মতো বেশ কিছু নিষিদ্ধ সংগঠন স্বাধীনতা দিবসের দিন ভোর রাত ১ টা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। নিষিদ্ধ সংগঠনগুলির মধ্যে রয়েছে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট(UNLF), পিপলস লিবারেশন আর্মি (PLA) এবং প্রিপ্যাক। এছাড়াও আরও দুটি নিষিদ্ধ সংগঠন মণিপুরে আলাদা করে ১৫ অগাস্ট বনধের ডাক দিয়েছে।












Click it and Unblock the Notifications