ভীমা-কোরেগাঁও মামলার ধৃত সমাজকর্মীদের আরও ৪ সপ্তাহ গৃহবন্দি রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
ভীমা-কোরেগাঁও মামলায় ধৃত সমাজকর্মীদের আরও চার সপ্তাহ গৃহবন্দি দশা বজায় রাখল সুপ্রিম কোর্ট।
ভীমা-কোরেগাঁও মামলায় ধৃত সমাজকর্মীদের আরও চার সপ্তাহ গৃহবন্দি দশা বজায় রাখল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্তের দাবিও খারিজ করে দিল। তিন বিচারপতির বেঞ্চের মধ্যে বিচারপতি এএম খানউইলকর ও মুখ্য বিচারপতি দীপক মিশ্র সিট দিয়ে তদন্তের দাবি খারিজ করে দেন। আর এক বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় গ্রেফতারির বিরুদ্ধে রায় দেন।

যে পাঁচ সমাজকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা হলেন - ভারভারা রাও, অরুণ ফেরেইরা, ভেরনন গঞ্জালভেস, সুধা ভরদ্বাজ ও গৌতম নভলেখা। সিট গঠন বাতিল করে পুনে পুলিশকে তদন্ত চালিয়ে যেতে বলেছে আদালত। তবে অভিযুক্তরা চাইলে মুক্তির জন্য ট্রায়াল কোর্টে আবেদন করতে পারেন বলেও শীর্ষ আদালত জানিয়েছে।
সংখ্যাগরিষ্ঠতার রায়ের বিরুদ্ধে গিয়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সমাজকর্মীদের গ্রেফতারির বিরোধিতা করেন। মহারাষ্ট্র পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বিশেষ তদন্তের দাবিও তোলেন তিনি।
এই মামলায় পিটিশন দাখিল করেন পাঁচজন। তার নেতৃত্বে ছিলেন প্রফেসর রোমিলা থাপর। অন্যায়ভাবে এই পাঁচ সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়। এমনকী মাওবাদী সম্পর্কের বিরুদ্ধেও পিটিশন দাখিল হয়। সেখানে বলা হয়, সারা দেশে জরুরি অবস্থার মতো ঘঠনা চলছে। মুখ খুললেই কিছু একটা বলে রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তবে আদালত হাউস অ্যারেস্টের পক্ষেই রায় দিয়েছে। পুলিশ কোনও পক্ষ নিয়ে কাজ করেছে তা কোনওভাবে প্রমাণিত হয়নি বলেই আদালত জানিয়েছে।












Click it and Unblock the Notifications