সমকাম অপরাধই, রায় পুনর্বিবেচনা করল না শীর্ষ আদালত

সমকামকে আইনি ঘোষণা করে রায় দিয়েছিল দিল্লি হাই কোর্ট। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল মামলা দায়ের করে বিভিন্ন ধর্মীয় সংগঠন। ২০১৩ সালের ডিসেম্বরে শীর্ষ আদালত সমকামিতার বিরুদ্ধে রায় দেয়। ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি ৩৭৭ ধারার মান্যতা বজায় রাখেন বিচারপতিরা। প্রসঙ্গত, ৩৭৭ ধারা অনুযায়ী, প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে যৌন কার্যকলাপ ঘটালে তা বেআইনি বলে গণ্য হবে এবং দণ্ডযোগ্য হবে। নারী-পুরুষের স্বাভাবিক যৌন সম্পর্ক ছাড়া যে কোনও ধরনের যৌনতা তাই ৩৭৭ ধারা মোতাবেক অপরাধ।
আদালতের এই রায়ের বিরুদ্ধে দেশ তো বটেই, বিশ্বেও সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্রীয় সরকারও এই রায়ের বিরোধিতা করে। বিভিন্ন মানবাধিকার সংগঠন আদালতের রায়ের নিন্দা করে। এই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে স্বেচ্ছাসেবী সংগঠন নাজ ফাউন্ডেশন। অনুরূপ পিটিশন দাখিল করে কেন্দ্রও। কিন্তু, এদিন শীর্ষ আদালত পুনর্বিবেচনার সব দাবি খারিজ করে দেওয়ায় আর কোনও পথ খোলা রইল না। এবার সংসদ যদি আইন পাশ করে সমকামিতাকে বৈধ বলে, তবেই তা বৈধ হবে। নইলে সমকাম অপরাধ বলেই গণ্য হবে।












Click it and Unblock the Notifications