বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের মর্যাদা সুপ্রিম কোর্টের, শিক্ষায়, চাকরিতে সংরক্ষণও

বৃহন্নলাদের লাঞ্ছনাময় জীবন পাল্টাতে ২০১২ সালের অক্টোবরে শীর্ষ আদালতে সংবিধানের ৩২ ধারা মোতাবেক একটি রিট পিটিশন দাখিল করে 'ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি' বা নালসা। সংগঠনের তরফে মামলাটি করেছিলেন লক্ষ্মী ত্রিপাঠী। তিনি বলেন, বৃহন্নলারাও ভারতের নাগরিক। তবুও তারা এ দেশে ন্যূনতম সুযোগ-সুবিধাটুকু পায় না। আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করুক।
ইউপিএ সরকার আদালতে বৃহন্নলা বা হিজড়াদের অধিকার দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানায়। এর ফলে নানা সামাজিক জটিলতা তৈরি হবে বলে দাবি করে। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রের যাবতীয় যুক্তি খারিজ করে দিয়েছেন বিচারপতি কে এস রাধাকৃষ্ণণ এবং বিচারপতি এ কে সিক্রি। তাঁরা বলেছেন, বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দিতে হবে। এ দেশের একজন নাগরিক যে যে সুবিধা পান, সবই দিতে হবে ওদের। সংবিধান নির্দেশ দিয়েছে, আইনের চোখে সবাই সমান। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
সংবিধানের ৩২ ধারা মোতাবেক রিট পিটিশন দাখিল হয়েছিল ২০১২ সালে
সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, তা নিঃসন্দেহেই বৃহন্নলাদের মুখে হাসি ফোটাবে। প্রথমত, এখন থেকে সব ধরনের আবেদনপত্র বা ফর্মে 'জেন্ডার' কলামে রাখতে হবে তিনটি অপশন। পুরুষ, স্ত্রী এবং তৃতীয় লিঙ্গ। দ্বিতীয়ত, স্কুল বা কলেজে ভর্তির সময় বৃহন্নলাদের অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি) হিসাবে গণ্য করতে হবে এবং সেই মতো সংরক্ষণ দিতে হবে। তৃতীয়ত, সরকারি চাকরির ক্ষেত্রেও সংরক্ষণের নীতি মানতে হবে। যে কোনও চাকরিতে কিছু নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত রাখতে হবে এদের জন্য। চতুর্থত, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে এদের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে নজর দিতে হবে। পঞ্চমত, অস্ত্রোপচার করিয়ে যদি কেউ লিঙ্গ বদল করেন, তা হলে তাকেও সংরক্ষণের আওতায় আনতে হবে। ষষ্ঠত, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা অনুরূপ যে কোনও পরিচয়পত্র জারির ক্ষেত্রে কোনও রকম বৈষম্য করা যাবে না।
মানবাধিকার ইস্যুতে বরাবর সোচ্চার আইনজীবী কলিন গঞ্জালভেস বলেন, "এটা খুবই আনন্দের দিন। সমান অধিকার আদায়ের দাবিতে লড়াইটা স্বীকৃতি পাওয়ায় ভালো লাগছে।" প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি বলেছেন, "নির্বাচন কমিশনই বৃহন্নলাদের 'অন্য লিঙ্গ' হিসাবে প্রথম স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবার শীর্ষ আদালত সেটাই বলল। এটা ঐতিহাসিক রায়।"












Click it and Unblock the Notifications