সেনাবাহিনীর পর নৌবাহিনীতেও শেষ লিঙ্গ বৈষম্য, বড় রায় সুপ্রিমকোর্টের
সেনাবাহিনীর পর এবার নৌসেনাতেও মহিলা আধিকারিকদরা স্থায়ী কমিশন পেতে চলেছেন। আজ এক মামলার প্রেক্ষিতে এই রায় দেয় সুপ্রিমকোর্ট। আজ এই বিষয়ে সুপ্রিমকোর্ট জানান, নৌবাহিনীতে মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশন না দেওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কোনও কারণ হতে পারে না। সুপ্রিমকোর্টের যুক্তি, কর্মক্ষেত্রে নারী-পুরুষকে একইভাবে দেখা উচিত।

মহিলা আধিকারিকদের জন্যে স্থায়ী কমিশন গঠনের নির্দেশ
এই রায়দানের পরই ভারতীয় নৌসেনায় মহিলা আধিকারিকদের জন্যে স্থায়ী কমিশন গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এর জন্য কেন্দ্রকে তিন মাসের সময় নির্ধারণ করে দিয়েছে আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ মামলার রায়দানের সময় বলে, 'মহিলা নৌ-কর্মীরা, যাঁরা নিরন্তর দেশ তথা জাতির সেবা করছেন তাঁদের জন্যে স্থায়ী কমিশন গঠন না করা হলে অন্যায় করা হবে।'

সমান অধিকার ও আচরণ
মঙ্গলবার আদালত বলে, 'মহিলা আধিকারিকদের নৌ-বাহিনীতে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তাঁদের শীর্ষ পদে বসার অনুমতিও দেওয়া হয়। তাহলে তাদের জন্য স্থায়ী কমিশন দেওয়ার ক্ষেত্রেও পুরুষ ও মহিলা নৌ-আধিকারিকদের সঙ্গে সমান আচরণ করা উচিত।'

এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য
জানা গেছে, সরকারের তরফ থেকে এর আগে শীর্ষ আদালতকে জানানো হয়েছিল যে মহিলা নৌ আধিকারিকরাও দেশের যুদ্ধজাহাজগুলি কাজ করতে সক্ষম। এর আগে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানায় যে, সেনাবাহিনীতে স্থায়ী পদে নিযুক্ত করা যাবে মহিলাদেরও।

নৌ সেনার প্রথম মহিলা পাইলট
এর আগে ২০১৯ সালের ২ ডিসেম্বর নৌ সেনার প্রথম মহিলা পাইলট- সাব-লেফটেন্যান্ট শিবাঙ্গি কোচি নৌঘাঁটিতে অপারেশনাল ডিউটিতে যোগ দেন। তিনি ভারতীয় নৌবাহিনীর ডরনিয়ার নজরদারি বিমানটি সাফল্যের সঙ্গে আকাশে উড়িয়েছিলেন।












Click it and Unblock the Notifications