জয়ার জামিনের মেয়াদ আরও চার মাস বাড়াল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিনের আবেদন আরও চার মাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি এইচ এল দত্তুর বেঞ্চ।
দুর্নীতি মামলায় চলতি বছরের সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হয়েছিলেন জয়ললিতা। তিনি ছাড়াও পালিত পুত্র সুধাকরণ, বান্ধবী শশীকলা নটরাজন এবং আত্মীয় ইলাবরসীকে চার বছরের কারাদণ্ড দেয় কর্নাটকের বিশেষ আদালত। কর্নাটক হাই কোর্ট তাঁর জামিনের আর্জি খারিজ করলেও ১৭ অক্টোবর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
সেই মেয়াদ শেষ হতে চলায় এ দিন ফের আদালতের দ্বারস্থ হন জয়ললিতার আইনজীবীরা। ১৮ এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে আদালত। পাশাপাশি, কর্নাটক হাই কোর্টকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, তিন মাসে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করতে হবে।












Click it and Unblock the Notifications