Electoral Bond: নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ্যে সময় চেয়ে সুপ্রিম কোর্টে এসবিআই
Electoral Bond: নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে আরেকটু সময় চাই। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এমনটাই আবেদন জানাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ড নিয়ে গত কয়েকদিন আগেই ঐতিহাসিক নির্দেশ জানায় সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ২০১৯ সালের এপ্রিল মাস থেকে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনার নির্দেশও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দেয় দেশের শীর্ষ আদালত।
বেঁধে দেওয়া হয় চূড়ান্ত সময়সীমাও। কিন্তু সেই সময়সীমা সুপ্রিম কোর্টের তরফে বাড়ানোর কথা বলা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই ডেডলাইন সম্প্রসারিত করা হয় সেই আবেদনও জানানো হয়েছে এসবিআই'য়ের (SBI) তরফে।

ইলেকটোরাল বন্ড সংক্রান্ত স্কিম (Electoral Bond) চালু করে নরেন্দ্র মোদী। যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশ কয়েকটি শাখার মাধ্যমে কেনার সুযোগ ছিল। পছন্দের রাজনৈতিক দলের জন্য নুন্যতম ১ হাজার টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত বন্ড কেনার কথা বলা হয়েছিল মোদী সরকারের নয়া স্কিমে।
সম্পূর্ণ ভাবে পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়। যদিও এই স্কিমের (Electoral Bond) বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত স্কিম বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।
এই স্কিম অবৈধ এবং অসংবিধানিক বলেও নির্দেশ বিশেষ বেঞ্চের। ইলেকটোরাল বন্ড সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি ২০১৯ সালের এপ্রিল মাস থেকে নির্বাচনী বন্ড (Electoral Bond) সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনার কথাও জানায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এই বিষয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়। আর তা ৬ মার্চের মধ্যে প্রকাশ্যে আনতে হবে বলে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় আদালত।
শুধু তাই নয়, যে সমস্ত বন্ড এখনও নগদ হয়নি তাও ফেরত দেওয়ার কথা বলা হয়। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল বুধবার। আর তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সময় চেয়ে এই আবেদন করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও শুনানি হয়নি।
খুব শীঘ্রই এই বিষয়ে শুনানি হতে পারে বলে খবর। বলে রাখা প্রয়োজন, আগামী ৩০ জুনের মধ্যে লোকসভা নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আদালত সেই সময়সীমা স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়াকে দেয় কিনা সেদিকেই নজর।












Click it and Unblock the Notifications