পুলওয়ামা হামলা প্রসঙ্গে অমিত শাহকে জবাব! সত্যপাল মালিক 'ফাঁস' করলেন মোদীর প্রতিদ্বন্দ্বীর নাম
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথার জবাব দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেছেন, অফিস ছাড়ার পরে ২০১৯-এর পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার নিয়ে প্রশ্ন তোলার যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে তা ভুল। তিনি হামলার দিনই এব্যাপারে প্রশ্ন তুলেছিলেন বলে দাবি করেছেন মালিক।
সাম্প্রতিক সময়ে জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক পুলওয়ামা হামলায় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ করেছেন। এছাড়াও তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার সেই সময় নিরাপত্তা বাহিনীর জন্য বিমান দিতে অস্বীকার করেছিল। মালিক এই অভিযোগ তোলার পরেই অন্য একটি মামলায় সিবিআই তাঁকে তলব করে। সরকারের সমালোচনা করাতেই তাঁকে সিবিআই তলব বলে অভিযোগ করেছিলেন মালিক।

সত্যপাল মালিক দাবি করেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পুলওয়ামার ট্র্যাজেডিকে কাজে লাগানো হয়েছিল। তিনি আরও দাবি করেছেন, তিনি নিরাপত্তার ত্রুটির দিকগুলি সামনে আনতেই প্রধানমন্ত্রী তাঁকে চুপ থাকতে নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও তাঁকে কথা বলা থেকে বিরত থাকতে বলেছিলেন।
এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অফিস ছাড়ার পরে সত্যপাল মালিক এই ধরনের অভিযোগ তুলছেন। তিনি আরও বলেছিলেন, বিজেপি এমন কিছু করেনি যে লুকিয়ে রাখতে হবে। এছাড়াও তিনি মালিককে সিবিআই তলব নিয়ে বলেন, আগেও তদন্তকারী সংস্থা তাঁকে তলব করেছিল।
পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সত্যপাল মালিক রাজস্থানের শিকারে বলেন. এটা বলা ভুল য়ে ক্ষমতার বাইরে যেতেই তিনি বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, হামলার দিনই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। প্রসঙ্গত ২০১৯-এর ১৪ ফেব্রায়ারি পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান মারা যান।

পুলওয়ামা ইস্যুতে প্রধানমন্ত্রী কথা বলা উচিত বলে মনে করেন তিনি। বর্তমান পরিস্থিতি বিজেপির পক্ষে কঠিন বলেও মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। অন্যদিকে, আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা বিজেপির ক্ষতি করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সত্যপাল মালিক বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর পদের অন্যতম দাবিদার। যদি তাঁর ভাগ্যে থাকে তবেই তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। আগামী বছরের সাধারণ নির্বাচনে বিজেপির সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে মালিক বলেন, তাদের জন্য মঙ্গল কামনা করছেন, তবে রাজনীতি ও নির্বাচনে কী হবে কেউ বলতে পারেন না।
এবছরের শেষের দিকে রাজস্থানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সত্যপাল মালিক বলেছেন, যদি বসুন্ধরা রাজেকে বিজেপি মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হিসেবে সামনে রেখে নির্বাচনে লড়াই করে তাহলে তাদের জয়ের সম্ভাবনা বাড়বে।












Click it and Unblock the Notifications