চব্বিশে বিরোধী মুখ যেই হোক, মানুষকে রাজনৈতিক বিকল্প দেওয়া প্রয়োজন, বললেন পাওয়ার
চব্বিশে বিরোধী মুখ যেই হোক, মানুষকে রাজনৈতিক বিকল্প দেওয়া প্রয়োজন, বললেন পাওয়ার
২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল মহাজোট। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, মোদীর বিকল্প খুঁজে না পেয়েই মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। এবার সেই ভুল থেকেই শিক্ষা নিতে চায় বিরোধীরা। ন্যাশনাল কংগ্রেস পার্টি প্রেসিডেন্ট শরদ পাওয়ার স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে মহাজোটের নেতা যে খুশি হোন, মানুষকে বিকল্প দিতেই হবে।

কী বললেন পাওয়ার?
বুধবার নাগপুর বিদর্ভ চেম্বার অফ কমার্সের একটি বৈঠকে উপস্থিত হয়েছিলেন শরদ পাওয়ার। এরপরেই মহাজোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারকে। জিজ্ঞেস করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে মহাজোটের নেত্রী হতে পারেন কিনা। এর উত্তরেই তিনি বলেন, 'বিরোধী জোটের নেতা কে হবেন, তা কোনও সমস্যাই নয়। আজ মানুষকে বিকল্প দেওয়া জরুরি। মানুষের এটাই চাহিদা, আমরা একাধিক দলের সাহায্য নিয়ে এই ইচ্ছা পূরণ করব।' তিনি এও জানান যে, লোকসভার আগামী অধিবেশনে মহাজোট নিয়ে আলোচনা করা হবে।

শরদের নেতৃত্বে বিরোধী বৈঠক!
এর আগে জুন মাসে মোট আটটি বিরোধী দলের নেতাদের নিয়ে আলোচনায় বসেছিলেন শরদ৷ টিএমসি, এসপি, আপ, আরএলডি, বামফ্রন্ট এবং তাঁর নিজের দল এনসিপি উপস্থিত ছিল সেই বৈঠকে। এমনিতেই জোটের কাণ্ডারী হিসেবে যথেষ্ট সফল শরদ পাওয়ার। বর্ষীয়ান এই অভিনেতার উদ্যোগেই মহারাষ্ট্রে একে অপরের হাত ধরেছে শিবসেনা এবং কংগ্রেস। সবমিলিয়ে এভাবেই বিজেপিকে সরকার থেকে সরাতে পেরেছে বিরোধী দলগুলি।

মহাজোটের ভবিষ্যৎ কী?
বিশেষজ্ঞদের মতে, মহাজোটের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করবে শরদ পাওয়ারের ভূমিকাতে। ২০১৪ সালের পর থেকেই শক্তিক্ষয় হয়েছে কংগ্রেসের, বিভিন্ন রাজ্যে ক্ষমতাচ্যুত হয়েছে তারা। জাতীয় রাজনীতি নিয়ে ওয়াকিবহাল মহলের মতে, এই মুহূর্তে তাদের পক্ষে একার দমে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। কাজেই প্রয়োজন রয়েছে মহাজোটের৷ পশ্চিমবঙ্গে বিজেপির জয়রথ রুখে দিয়ে যে মহাজোটের সম্ভাব্য নেতা ভাবা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে মমতা যতই নেত্রী হোন, সমস্ত রাজনৈতিক দলকে এক ছাতার তলায় আনার কাণ্ডারী হতে চলেছেন শরদ পাওয়ারই। ২০২৪ সালে মোদী ব্রিগেডকে বেগ দিতে তিনিই বিরোধী দলের চাণক্য।

এখনও বাকি অনেক সময়!
তবে এখনও দু'বছর হাতে রয়েছে আর বিরোধীদের সামনে রয়েছে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ নরেন্দ্র মোদী। শত সমালোচনার পরও ভারতীয় রাজনীতিতে তাঁর বিকল্প তিনি নিজেই৷ তাই স্বাভাবিকভাবেই মোদীর বিরোধীমুখ কে হবেন তা নিয়ে বিশেষ চিন্তা ও পরীক্ষায় বিরোধীরা।












Click it and Unblock the Notifications