বিজেপি বিরোধী ঐক্যে যোগ দেবেন উদ্ধব ঠাকরেও, জোট-উদ্যোগে নীতীশের প্রশংসায় সঞ্জয়
২০২৪-এর আগে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে বিহারের পাটনায় এক জোট বৈঠকের ডাক দিয়েছেন নীতীশ কুমার। সেই বিজেপি বিরোধী ঐক্যের মঞ্চে উদ্ধব ঠাকরেও যোগ দিতে চলেছেন। নীতীশ কুমার এনডিএ ছাড়ার পর তৎপর কংগ্রেস, তৃণমূল-সহ সমস্ত দলকে এক ছাত্রছায়ায় আনতে।
কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি আর কংগ্রেসের বিপুল জয়ের পর বিরোধী জোটের তৎপরতা বেড়েছে। নীতীশের ডাকা জোট-বৈঠকে যোগদান বাড়ছে ক্রমশ। আগামী মাসে পাটনায় বিরোধীদের বৈঠকে যোগ দেবেন উদ্ধব ঠাকরে। তা নিশ্চিচত করেছেন শিবসেনা উদ্ধব শিবিরের মুখপাত্র সঞ্জয় রাউত।

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে ১২ জুন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা শীর্ষ বিরোধী নেতাদের একটি সভায় যোগ দেবেন। ঠাকরের দলের নেতা সঞ্জয় রাউত বুধবার জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের বিরোধী নেতাদের একত্রিত হওয়া জরুরি।
সঞ্জয় রাউত বলেন, "সমস্ত সমমনা দলের শীর্ষ নেতারা একত্রিত হচ্ছেন। আর তাঁদেরকে একমঞ্চে আনার গুরুদায়িত্ব সামলাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর ডাকে বিরোধী জোটের সভায় শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে শুধু যোগ দেবেন না, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবেন।
বিহারের মন্ত্রী এবং জেডিইউ নেতা বিজয়কুমার চৌধুরী সোমবার বলেন, বিজেপির বিরোধী বেশিরভাগ দল এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারে। এই মাসের শুরুতেই নীতীশ কুমার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে মুম্বইয়ের বাসভবনে ঠাকরের সাথে দেখা করেছিলেন।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে সাড়া দিয়ে এবার তৃণমূলের সঙ্গে সম্মিলিত হচ্ছে কংগ্রেসও। বিরোধী জোটের প্রথম এই সম্মিলিত বৈঠক হতে চলেছে পাটনায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনেই পাটনায় নীতীশ কুমার বৈঠকের আয়োজন করছেন। বিরোধী ঐক্য গড়ার উদ্দেশে বিজেপি বিরোধী দলগুলি ১২ জুন এই বৈঠকে মিলিত হবে।

কংগ্রেস, তৃণমূল-সহ এই বৈঠকে উপস্থিত থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি-সহ অন্যান্য বিরোধী দলও। উপস্থিত হওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরেও। সম্প্রতি নবান্নে এসে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার ও আরজেডি প্রধান তেজস্বী যাদব বৈঠক করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
নীতীশ কুমারকে জোট বৈঠকের আয়োজন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন দিল্লিতে বৈঠক না করে, পাটনায় বৈঠকের আয়োজন করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরামর্শ মেনেই নীতীশ কুমার পাটনা বৈঠকের আয়োজন করেছেন। সেখনে কংগ্রেসও শামিল হচ্ছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications