'প্রকৃত হিন্দুত্ববাদী হলে গান্ধী নয় জিন্নাকে লক্ষ্য করে গুলি করতেন গডসে', বললে শিবসেনা নেতা সঞ্জয় রাউত
দেশে হিন্দুত্ববাদী দল, সংগঠন অনেক রয়েছে। এতদিন শিবসেনা নিজেদের হিন্দুত্ববাদী হিসেবে পরিচয় দিয়ে এসেছে৷ এবং মহাত্মা গান্ধী সম্পর্কে খুব একটা প্রশংসা শোনা যায়নি শিবসেনার গলায়! কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটে গিয়ে ভোল বদল শিবসেনার! এবার সরাসরি গডসের বিরোধিতায় মুখর হলেন শিবসেনার অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউত।

জাতির জনক তিনি, স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষের 'রোলমডেল'ও বটে। গোটা দেশের 'বাপু' মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী আজ। আর এমন দিনেই নাথুরাম গডসের দিকে তোপ দাগল হিন্দুত্ববাদী বলে পরিচিত শিবসেনা। শুধু তাই নয়, শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রশ্ন তুলে দিলেন গডসের হিন্দুত্ববাদ নিয়ে। বললেন, 'প্রকৃত হিন্দুত্ববাদী হলে গান্ধীকে নয়, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহকে লক্ষ্য করে গুলি চালাতেন৷'
কী ঘটেছে? হঠাৎ করে নাথুরাম গডসের হিন্দুত্ববাদ নিয়ে কেন প্রশ্ন তুললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত? উত্তর মিলবে আজ সকালে রাহুল গান্ধীর ট্যুইট দেখলে। কংগ্রেস বরাবরই গান্ধীহত্যার দায় নাথুরাম গডসে তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দিকে ঠেলে এসেছে৷ এই মর্মে বারংবার তারা আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টিকে। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। রবিবার সকালে রাহুল ট্যুইট করেন, 'একজন হিন্দুত্ববাদী মহাত্মাকে হত্যা করেছিলেন। বহু হিন্দুত্ববাদীদের মনে হয়, মহাত্মা আর নেই। কিন্তু যেখানে সত্য আছে, মহাত্মাও আছেন।' এই ট্যুইটের পরই গডসের হিন্দুত্ববাদ নিয়ে প্রশ্ন তুলে দেন শিবসেনা নেতা।
তবে এই মুহূর্তে বিজেপির সঙ্গে ছাড়াছাড়ির পর যতই গডসের হিন্দুত্ববাদ নিয়ে প্রশ্ন তুলুক শিবসেনা৷ এতদিন হিন্দু মহাসভা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটেনি! আর এই দলেরই অন্যতম সদস্য ছিল শিবসেনা। কাজেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের এই ভোলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল!












Click it and Unblock the Notifications